শুধু দেরিই হয়ে যাচ্ছে মুস্তাফিজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজুর রহমান।

পরশু ম্যানচেস্টারে শল্যবিদ লেনার্ড ফাঙ্কের সঙ্গে দেখা করেছেন মুস্তাফিজ। লন্ডনের টনি কোচার ও অস্ট্রেলিয়ার গ্রেগ হয়ের মতো তিনিও বলেছেন, অস্ত্রোপচারই এই চোটের একমাত্র চিকিৎসা।
লন্ডন থেকে ম্যানচেস্টার, ম্যানচেস্টার থেকে আবার লন্ডন। দুই দিন এই করেই কেটেছে মুস্তাফিজুর রহমানের। তবু কাল রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি শেষ পর্যন্ত তাঁর কাঁধের অস্ত্রোপচার কোথায় হচ্ছে। এমনও হতে পারে, দেশে ফিরে অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়ায় যেতে পারেন গ্রেগ হয়ের কাছে।
পরশু ম্যানচেস্টারে শল্যবিদ লেনার্ড ফাঙ্কের সঙ্গে দেখা করেছেন মুস্তাফিজ। লন্ডনের টনি কোচার ও অস্ট্রেলিয়ার গ্রেগ হয়ের মতো তিনিও বলেছেন, অস্ত্রোপচারই এই চোটের একমাত্র চিকিৎসা। আধঘণ্টার অস্ত্রোপচারের পর হাসপাতালে থাকতে হবে ছয় ঘণ্টার মতো। কিন্তু ছুটিতে চলে যাবেন বলে ২২ আগস্টের আগে সময় দিতে পারবেন না ফাঙ্ক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শে তাই কাল লন্ডনের ফর্টিয়েস হাসপাতালের আরেক বিশেষজ্ঞ অ্যান্ড্রু ওয়ালেসকে দেখিয়েছেন মুস্তাফিজ। ওয়ালেস কী বলেছেন, সেটা অবশ্য কাল রাত পর্যন্ত জানা যায়নি।
ফাঙ্কের মতো সাসেক্সে খেলতে যাওয়া মুস্তাফিজ ওয়ালেসকেও দেখিয়েছেন ইসিবির পরামর্শে। কিন্তু ওয়ালেসও যদি দ্রুততম সময়ে অস্ত্রোপচার না করতে পারেন, তাঁকে পাঠানো হতে পারে অস্ট্রেলিয়ায়। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমরা খুব তাড়াতাড়ি করতে (অস্ত্রোপচার) চাই। অ্যান্ড্রু ওয়ালেস লন্ডনের ফর্টিয়েস হাসপাতালের চিকিৎসক, আজ (গতকাল) মুস্তাফিজ তাঁর সঙ্গে দেখা করবে। যদি ওখানেও দেরি হয় আর যদি জানি অস্ট্রেলিয়ায় আগে করানো সম্ভব, তাহলে ওকে বাংলাদেশে এনে তারপর অস্ট্রেলিয়া পাঠানো হবে।’

ধানমন্ডিতে নিজের কর্মস্থলে মুস্তাফিজের চিকিৎসা ছাড়া আরও অনেক বিষয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তবে কথোপকথনের বেশির ভাগজুড়েই ছিল একটি অনাকাঙ্ক্ষিত বিষয়। সংবাদ সম্মেলনে অংশ নিতে যাওয়া চারটি সংবাদমাধ্যমের (প্রথম আলো, ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম ও সময় টেলিভিশন) প্রতিবেদককে প্রথমে ঢুকতে দেওয়া হচ্ছিল না বিসিবি সভাপতির কর্মস্থল বেক্সিমকো ফার্মার কার্যালয়ে। অভ্যর্থনা ডেস্ক থেকে জানানো হয়, বিসিবি থেকে দেওয়া সাংবাদিকদের তালিকায় এই চারটি সংবাদমাধ্যমের নাম নেই। পরে অবশ্য অন্য সাংবাদিকেরা বোর্ড সভাপতির কাছে এ নিয়ে প্রশ্ন তুললে সবাইকে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

বিসিবির তালিকায় ওই চারটি সংবাদমাধ্যমের নাম কেন ছিল না, সেটার সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। সভাপতি প্রথমে বলেছেন, কিছুদিন আগে বিসিবি থেকে সব সংবাদমাধ্যমকে জানানো হয়, এখন থেকে বিসিবির সংবাদ সম্মেলনে শুধু আমন্ত্রিত সাংবাদিকেরাই যেতে পারবেন। সেই নীতিতেই অনেকের নাম তালিকায় ছিল না। ভবিষ্যতেও সব সংবাদ সম্মেলনেই সাংবাদিকদের যেতে হবে বিসিবি থেকে পাওয়া আমন্ত্রণের ভিত্তিতে। বিসিবির বেশির ভাগ সদস্য নাকি এই সিদ্ধান্তের পক্ষে। তবে বিসিবির অন্যতম কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এ রকম কোনো সিদ্ধান্তের কথা জানেন না।

পরে বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন নাজমুল হাসান। জাতীয় দলের নতুন বোলিং কোচ চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু বর্তমানে অন্যত্র কাজ করছেন বলে সেই চুক্তি শেষ হওয়ার আগে কোচ চান না বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা হোক। সে জন্য আপাতত তাঁর নাম জানাচ্ছে না বোর্ড। হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন পরামর্শক হিসেবে এ মাসেই আসবেন সাবেক ভারতীয় স্পিনার ভেংকটপতি রাজু। ক্যাম্পের শেষ দিকে আকিব জাভেদও আসবেন আবার। এইচপির খেলোয়াড়দের পাশাপাশি পাকিস্তানের সাবেক এই পেসার বর্তমানে সময় দিচ্ছেন জাতীয় দলের পেসারদের। তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনের ব্যাপারেও তাঁর মতামত নেওয়া হবে।

এইচপির প্রধান কোচ সাইমন হেলমট, স্পিন পরামর্শক রাজুসহ ছুটিতে থাকা জাতীয় দলের বিদেশি কোচরা ৮-১০ দিনের মধ্যে ঢাকায় আসবেন বলে আশাবাদী সভাপতি। দেশের বর্তমান পরিস্থিতিতে সব বিদেশি কোচকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন, ভবিষ্যতের জন্য বিসিবির নিজস্ব নিরাপত্তাবাহিনী গড়ে তোলার কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে।

প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাদার্স ও ভিক্টোরিয়া খেলোয়াড়দের এখনো পুরো টাকা না পাওয়া প্রসঙ্গে সভাপতি বলেন, ‘এটা খুব দ্রুতই দিয়ে দিতে হবে। এক দিনও দেরি করার কারণ দেখি না। ক্লাবের সঙ্গে কী হবে না হবে, সেটা পরে বুঝব। কিন্তু খেলোয়াড়েরা ভুগতে পারবে না।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।