শুধু ধোনির দলেই খেলা হলো না তাঁর...

আজীবন আইপিএলে ধোনির বিপক্ষেই খেলে গেছেন ফিঞ্চছবি : আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আইপিএলে সতীর্থ প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউডদের নিয়ে কাড়াকাড়ি দেখে অ্যারন ফিঞ্চের কি কষ্ট হয়েছিল? হওয়াটাই স্বাভাবিক। যে সংস্করণে নৈপুণ্যে দেখিয়ে কামিন্সরা আইপিএলে জায়গা করে নিচ্ছেন, আন্তর্জাতিক অঙ্গনে সে সংস্করণেই যে ওয়ার্নার-কামিন্সদের নেতৃত্ব দেন তিনি। সেই ফিঞ্চই কিনা অবিক্রীত থেকে যান!


ফিঞ্চের কষ্ট লেগেছিল, তাই নিলামপরবর্তী সাক্ষাৎকারে জানিয়েছিলেন নিজের হতাশার কথা। তাঁর হতাশা ঘোচাতে এগিয়ে এসেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের এই অস্ট্রেলিয়ান ওপেনারকে দলে টেনেছে কলকাতা।

তবে এবারের আইপিএলে সুযোগ পাওয়ার জন্য ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকে বড় করে একটা ধন্যবাদ দিতেই পারেন ফিঞ্চ, হেলস সরে দাঁড়ানোর কারণেই যে চলতি মৌসুমে আইপিএলে একটা গতি হলো ফিঞ্চের!


হেলস খেলছেন না এবার। দেড় কোটি ভিত্তিমূল্যের এই ওপেনার সরে দাঁড়িয়েছেন জৈব সুরক্ষাবলয়ের ক্লান্তির কারণে। হেলসের জায়গায় ফিঞ্চকে দলে নিয়েছে কলকাতা। আর এর মাধ্যমে অনন্য একটা রেকর্ডে নাম লিখিয়েছেন এই তারকা। এ নিয়ে নয়টা ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা হয়ে যাবে ফিঞ্চের। এর আগে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, কিংস ইলেভেন পাঞ্জাব ও গুজরাট লায়নসের হয়ে খেলেছেন এই ওপেনার। শুধু মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলারই সৌভাগ্য হয়নি, সেটা হলে ষোলোকলা পূর্ণ হয়ে যেত! আইপিএলের ইতিহাসে এর চেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা আর কারও নেই।

গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছিলেন ফিঞ্চ।
ছবি: বিসিসিআই

আইপিএলের বক্তব্য অনুযায়ী, হেলসকে যে দামে দলে নিয়েছিল কলকাতা, সেই একই দামে ফিঞ্চকেও দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরের বরাত দিয়ে এই খবর দিয়েছে তারা। মাইসোর বলেন, ‘আমরা অ্যালেক্স হেলসের সিদ্ধান্তকে সম্মান জানাই। তিনি আসন্ন মৌসুমে আইপিএলে না খেলে পরিবার ও নিজের মানসিক সুস্থতাকে প্রাধান্য দিয়েছেন। জৈব সুরক্ষাবলয়ে থাকার বিষয়টা সহজ কিছু নয়, বিশ্বের অনেক খেলোয়াড়ই এই ব্যাপারে মতামত দিয়েছেন। আমাদের দলে এই মৌসুমে আমরা হেলসের অভাব অনুভব করব। ওকে শুভকামনা জানাই।’


ফিঞ্চকে শুভেচ্ছা জানিয়ে মাইসোর বলেন, ‘ফিঞ্চকে নাইট রাইডার্স পরিবারে শুভেচ্ছা জানাতে পেরে আমরা আনন্দিত, অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফিঞ্চও কলকাতায় আসতে পেরে অনেক রোমাঞ্চিত। ওর অভিজ্ঞতার সুফল পাওয়ার অপেক্ষায় আছি আমরা।’

আইপিএল ক্যারিয়ারে ৮৫ ইনিংসে ব্যাট করে ১২৭.৭০ স্ট্রাইক রেটে ২০০৫ রান তুলেছেন ফিঞ্চ, ২৫.৭০ গড়ে। তবে সম্প্রতি ব্যাট হাতে অতটা ভালো সময় কাটছে না তাঁর। শেষ ১৮ ইনিংসে মাত্র একবার পঞ্চাশ ছাড়ানো স্কোর করতে পেরেছেন, ১১১.৫৭ গড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ৫ ইনিংসে ৭৮ রান তুলেছেন ৯১.৭৬ স্ট্রাইক রেটে।