শুধু মাঠটাই ভালো ফতুল্লায়

মাঠে ঢোকার পথে হাতের বাঁ পাশে সাদা টাইলস আর আধুনিক ফিটিংসে সজ্জিত টয়লেট। কিন্তু সেখানে সবকিছুই এমন নোংরা আর দুর্গন্ধময় যে, এখানে আধুনিকতাকে শুধু কল্পনা করে নিতে হবে। চার-পাঁচটি বেসিনের সবগুলোই অকেজো। অন্ধকার হয়ে থাকা টয়লেটগুলোর দিকে তাকানোই যায় না।
এ অবস্থা কেন জানতে চাইলে স্টেডিয়ামের এক কর্মী দূরের একটা দরজা দেখিয়ে বললেন, ‘ওটাতে যান, ওখানে পানি আছে।’ ওই টয়লেটে গিয়ে প্রচুর পানি মিলল। বেসিনের কল দিয়ে তো পানি পড়ছেই, ভেতরের কলকবজা নড়বড়ে হয়ে যাওয়াতে পানিতে ভাসছে পুরো ফ্লোরই! টয়লেটগুলোর এই দুরবস্থা কেন জানতে ভেন্যু সমন্বয়ক মুসা মিয়ার খোঁজ করা হলো। কিন্তু কী একটা মিটিংয়ে যোগ দিতে তিনি স্টেডিয়ামের বাইরে। ওই কর্মী অবশ্য আশ্বাস দিলেন, ‘কাজ চলছে। টেস্ট শুরুর আগেই সব ঠিক হয়ে যাবে।’
এটা ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের বর্তমান অবস্থার একটি খণ্ডচিত্র। প্রেসবক্স, ড্রেসিংরুম যেখানেই যাবেন, দেখা পাবেন আরও অযত্ন-অব্যবস্থাপনার। ভারতের বিপক্ষে টেস্ট উপলক্ষে অবশ্য দোতলার মূল ড্রেসিংরুমে দুটিতে সাজসজ্জার কাজ চলছে। অনুশীলনের সময়টার জন্য তাই নিচে বিকল্প ড্রেসিংরুমের ব্যবস্থা করা হয়েছে। জায়ান্ট স্ক্রিনটাও পুরোপুরি ঠিক নেই। ভারত টেস্টে এর ইলেকট্রনিক স্কোরবোর্ডের অংশটাই নাকি শুধু চালু থাকবে, অচল থাকবে ভিডিও স্ক্রিন।
প্রেসবক্সের অবস্থাও কালকের আগ পর্যন্ত করুণ ছিল। রক্ষণাবেক্ষণের অভাবে দুই ফ্লোরেরই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলো ঠিক করা হয়েছে, লাগানো হবে নতুন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। স্টেডিয়ামের বিভিন্ন কোনে নতুন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র লাগানোর জন্য নাকি ১৪ লাখ টাকার মতো বাজেট হয়েছে! সত্যি সত্যি এটা হলেও নিশ্চিত থাকুন, আরেকটি সিরিজ আসার আগেই এসব যন্ত্র অকেজো হয়ে যাবে। বাজেট হবে নতুন করে। কোনো একটা উপলক্ষ এলেই কেন স্টেডিয়ামগুলোয় নতুন করে সব কিনতে হয়, ঠিক করতে হয়, সে এক রহস্য! বার্ষিক বেতন দিয়ে তাহলে স্টেডিয়াম দেখভালের জন্য কর্মকর্তা-কর্মচারী রেখে লাভ কী?
রক্ষণাবেক্ষণ না হোক, ভারতীয় দলের আগমন উপলক্ষে স্টেডিয়ামের সৌন্দর্যহানি ঠিকই করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ মূল সড়ক থেকে স্টেডিয়ামে প্রবেশের পথটাকে ছায়ায় ঢেকে রেখেছিল সবুজ গাছের সারি। কী কারণে যেন গত পরশু সব গাছ কেটে ফেলা হয়েছে। গাছের খণ্ডিত দেহগুলো দাঁড়িয়ে আছে শ্মশানের স্মৃতিচিহ্নের মতো।
আশার কথা, ফতুল্লা স্টেডিয়ামের মাঠটা অন্তত ভালো আছে। আগে দিনে একবার বৃষ্টি হলেই মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ত। ২০১১ বিশ্বকাপের আগে আধুনিক পানিনিষ্কাশনের ব্যবস্থা করায় বৃষ্টি এ মাঠে আর কোনো বাধা নয়। মাঠ ভালো হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে নতুন ‘সমস্যা’। ফতুল্লায় এখন এত বেশি খেলা হয় যে অনেক সময় ঠিকভাবে পরিচর্যারও সুযোগ পাওয়া যায় না। গত এক বছরের হিসাব দেখুন। প্রিমিয়ার লিগের ২৮টিসহ ঘরোয়া-আন্তর্জাতিক ও বিদেশি দলের প্রস্তুতি ম্যাচ মিলে এখানে ম্যাচ হয়েছে ১২৫টির মতো।
প্রেসবক্স, ড্রেসিংরুম যেখানেই যাবেন, দেখা পাবেন আরও অযত্ন-অব্যবস্থাপনার। ভারতের বিপক্ষে টেস্ট উপলক্ষে অবশ্য দোতলার মূল ড্রেসিংরুমে দুটিতে সাজসজ্জার কাজ চলছে
তবে টেস্ট ক্রিকেট এ মাঠে ফিরছে দীর্ঘ ৯ বছর পর। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর ভারতের বিপক্ষে পরশু থেকে শুরু টেস্টটাই হবে ফতুল্লা স্টেডিয়ামে প্রথম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টে কিউরেটরের দায়িত্বে থাকা শফিউল আলম এখনো আছেন। ৯ বছর আগে-পরের মাঠের পার্থক্যটা তিনি ভালো ধরতে পারছেন, ‘তখন উইকেট অনেক ফ্ল্যাট ছিল। মনে আছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে পঞ্চম দিনেও উইকেট তেমন একটা ভাঙেনি। এখন উইকেটে কিছু ঘাস রাখা হয়। উইকেটের সংখ্যাও ১১ থেকে কমে ৭টা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা উন্নত হওয়ায় আউটফিল্ড এখন অনেক ভালো।’
ফতুল্লা স্টেডিয়ামের জীবনে দ্বিতীয় টেস্টটির উইকেট বানাচ্ছেন অবশ্য বিসিবির প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। উইকেট সম্পর্কে তাই ধারণা দিতে পারলেন না শফিউল। তবে একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ব্যাটিং-সহায়ক মরা উইকেট চেয়েছে। অসম বাউন্স হবে না, বল ব্যাটে আসবে, খেলা পঞ্চম দিনে গড়ানোর সম্ভাবনা থাকবে!
‘উইকেট কেমন দেখলেন?’—এ প্রশ্নে অবশ্য কাল নীরবই থেকেছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক মুশফিকুর রহিম। সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কাটিয়েও অনুশীলন শেষে দুজনেরই বিস্ময়মাখা উত্তর, ‘আমি তো উইকেট দেখিনি!’