শুধু মিলারকেই সামলাতে পারল না পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন মিলার। ছবি: রয়টার্স
দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন মিলার। ছবি: রয়টার্স

৪৯তম ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিলেন কাগিসো রাবাদা। বল আকাশে তুলেও দৌড় দিয়েছিলেন রাবাদা। কিন্তু ক্রিজের অর্ধেক পেরোনোর আগেই মাথা নেড়ে আটকে দিলেন ডেভিড মিলার। শেষ ওভারে স্ট্রাইকে থাকতে হবে না? পরিণত মাথায় এভাবে ভাবতে পারার এ ক্ষমতা আজ আলাদা করে দিল মিলারকে। পরিস্থিতি মেনে নেওয়া মিলারের ব্যাটিংয়ে পাকিস্তানকে ২২০ রানের লক্ষ্য দিতে পারল দক্ষিণ আফ্রিকা। 

শেষ ওভারে অবশ্য খুব বেশি করতে পারেননি মিলার। হাসান আলীর ৬ বলে ৬ রান নিতে পেরেছেন। কিন্তু আসল কাজ তো এর আগেই করেছেন মিলার। ১১৮ রানে ৬ উইকেট হারানো দলকে টেনে দুই শ পার করেছেন। ক্রিস মরিস ও কাগিসো রাবাদার সঙ্গে সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে যথাক্রমে ৪৭ ও ৪৮ রান যোগ করেছেন। ভাগ্যকেও সঙ্গী পেয়েছেন তিনি। ৪০তম ওভারের শেষ বলে মোহাম্মদ আমিরের বলে এলবিডব্লিউ হয়েছিলেন। কিন্তু রিভিউ নিয়ে সে সিদ্ধান্ত বদলেছেন। দুই বল পরে জুনায়েদ খানের বলে বোল্ড হয়েছিলেন মরিস। তবে সেটা নো বল হওয়ায় এ যাত্রায় বেঁচে যান মরিস।
এতেও মিলারের ইনিংসের গুরুত্ব কমছে না। এ উইকেটে রান তোলা সহজ নয় দেখে, নিজের স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিং ভুলে ইনিংস গড়েছেন। ১০৪ বলের ইনিংসে মেরেছেন মাত্র একটি চার! ৭৫ রানে অপরাজিত মিলার অবশ্য তিনটি ছক্কা মেরেছেন। তবু ক্যারিয়ারে এই প্রথম পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ৮০-এর নিচে স্ট্রাইক রেটে রান তুলেছেন।
দক্ষিণ আফ্রিকার অবশ্য এতে কোনো আপত্তি থাকার কথা নয়। ইনিংসের মাঝপথে যে দেড় শ রানের নিচেই গুটিয়ে যাওয়ার দুঃস্বপ্ন দেখতে শুরু করেছিল প্রোটিয়ারা। ভারতের বিপক্ষে বাজে পারফরম্যান্স ভুলে আজ জ্বলে উঠেছিলেন পাকিস্তানের বোলাররা।
শুরুটা অবশ্য ভালোই ছিল প্রোটিয়াদের। হাশিম আমলা ও কুইন্টন ডি কক দেখেশুনে শুরু করে ৪০ রান এনে দিয়েছেন। কিন্তু ইমাদ ওয়াসিমের একটি আর্মার ঠিকভাবে খেলতে পারলেন না আমলা। ১৬ রানে ফিরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান। ওয়াসিমের বলেই ‘গোল্ডেন ডাক’ নিয়ে ফিরেছেন ডি ভিলিয়ার্স। মাঝখানে ডি ককও ৩৩ রানে আউট হয়ে যাওয়ায় হঠাৎ বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। ডি কক আউট হয়েছেন মোহাম্মদ হাফিজের অফ স্পিনে। ৬১ রানে ৩ উইকেট হারানো দলকে খানিক পথ দেখিয়েছেন ফাফ ডু প্লেসি।
কিন্তু ডেভিড মিলার ও ডু প্লেসির চতুর্থ উইকেট জুটিও থেমে গেছে ২৯ রানে। হাসান আলীর বলে ডু প্লেসি আউট হতেই জেঁকে বসেছে পাকিস্তান। ঠিক ২৮ রান পরে ফিরেছেন ডুমিনিও (৮)। হাসান আলীর বলে স্লিপে ক্যাচ দিয়ে ডুমিনি ফেরার ঠিক পরের বলেই আউট ওয়েইন পারনেল!
এরপরই ইনিংস মেরামতে নেমেছিলেন মিলার। সে কাজে আপাতত সফল তিনি।