শুধু সামনে এগোনোর কথা ভাবছেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর। ছবি: এএফপি
সেঞ্চুরির পর। ছবি: এএফপি

সমালোচনা আর প্রশ্নের তির ছুটে যাচ্ছিল তাঁর দিকে। বোলিংয়ে সাকিব আল হাসানকে দেখাল মরিয়া। এলবিডব্লুর আবেদনে সেই ক্ষুধাটা দেখা দিল স্পষ্ট। ফিল্ডিংয়েও নিজেকে উজাড় করে দিলেন। এক স্টাম্পে সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙলেনও। যদিও বোলিংটা ভালো হলো না। ৫২ রান দিয়ে উইকেটশূন্য।
ব্যাট হাতে নামলেন যখন, রাজ্যের চাপ তাঁর কাঁধে। ৩৩ রানে পড়ে গেছে ৪ উইকেট। হারলেই বিদায় দলের। এই অবস্থায় সাকিব খেললেন তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি। প্রতিটা মুহূর্তে থাকল পরিকল্পনার ছাপ। শুরুতে সতর্ক, এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোনো।
১১১ বলে সেঞ্চুরি ছুঁলেন যখন, উদ্‌যাপনে যেন মিশে থাকল বুকের ভেতর জমে থাকা চাপ বেরিয়ে যাওয়ার স্বস্তি। না, এবার কাউকে পাল্টা জবাব দেওয়া নয়। গত কিছুদিন ধরে যে কথাগুলো তাঁর কানে যাচ্ছিল, তার প্রত্যুত্তর দেওয়া নয়।
ব্যক্তিগত দেনা-পাওনা দূরে সরিয়ে রেখে সাকিব বললেন দলীয় লক্ষ্যের কথা। এবার তাঁর চোখ সুদূরে, ‘এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইসিসির টুর্নামেন্টে জেতা সব সময়ই অনেক বড় ব্যাপার। আমরা গত দুই বছর অনেক দূর এগিয়েছি। এখান থেকে আমরা শুধু সামনেই এগোতে পারি।’
সাকিব যে ‘সামনে’র কথা বললেন, সেটার একটা বড় ধাপ হতে পারে এই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠা। তার পুরোটা অবশ্য বাংলাদেশের হাতে নেই। কাল অস্ট্রেলিয়া পয়েন্ট বঞ্চিত হলেই কেবল সেমিতে যাবে বাংলাদেশ।
আপাতত কালকের ম্যাচে তাই চোখ রাখা।