
কাল বিকেএসপিতে প্রাইম ব্যাংকের ২৭৪ রান তাড়া করতে নেমে ভিক্টোরিয়ার ওপেনিং জুটিতে আবদুল মজিদের সঙ্গে নামলেন মোহাম্মদ সোহরাওয়ার্দী শুভ। পুরো ক্যারিয়ারে যিনি আট নম্বরে ব্যাটিং করে এসেছেন, তিনি কিনা এক লাফে ওপেনিংয়ে!
পরিকল্পনাটা ইমদাদুল বাশারের মস্তিষ্কপ্রসূত। শুভকে ওপেনিংয়ে খেলানোর পেছনে ভিক্টোরিয়ার কোচের যুক্তি, ‘আগের ৪ ম্যাচে রাব্বী (ফজলে) ব্যর্থ। চেয়েছিলাম ওর জায়গায় অন্য কাউকে চেষ্টা করুক। আত্মবিশ্বাস ছিল শুভ ওখানে ভালো করবে। আর বাঁহাতি-ডানহাতির সমন্বয়ের ব্যাপারও ছিল।’
ইমদাদুলের ফাটকা কাজে লেগেছে। এতটাই যে লিস্ট ‘এ’-তে নিজের প্রথম সেঞ্চুরিই পেয়ে গেছেন সোহরাওয়ার্দী! অবশ্য এই অর্জনে ভাগ্যেরও ছোঁয়া পেয়েছেন। মনির হোসেনের করা ১১তম ওভারের শেষ বলে প্রাইম ব্যাংক অধিনায়ক শুভাগত হোম ক্যাচ ফেললেন সোহরাওয়ার্দীর, তাঁর রান ২২। সুযোগ পেয়ে ভিক্টোরিয়ার বাঁহাতি ব্যাটসম্যান অভিজ্ঞতা আর ধৈর্যের মিশেলে ব্যক্তিগত ইনিংসটি লম্বা করেছেন, দলকে পৌঁছে দিয়েছেন নিরাপদ জায়গায়।
ওপেনিং জুটিতে ৪৭ রান এলেও ৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ফেলে খানিকটা চাপেই পড়ে গিয়েছিল ভিক্টোরিয়া। এর মধ্যে একটি আবার মুমিনুল হকের মহামূল্যবান উইকেট। চাপ সামলে এগিয়ে যেতে অগ্রণী ভূমিকাই রেখেছেন সোহরাওয়ার্দী। তাঁকে যোগ্য সংগত দিয়েছেন আল আমিন। দুজনের ১৫৫ রানের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিই বদলে দিয়েছে ম্যাচের চেহারা।
সোহরাওয়ার্দী প্রথম ফিফটি করেছেন ৬২ বলে, পরের পঞ্চাশ করতে লেগেছে ৫৩ বল। দৌড়েই নিয়েছেন ৬৯ রান। প্রচণ্ড গরম আর রানিং বিটুইন দ্য উইকেটে ভীষণ তৎপর থাকায় মাংসপেশিতে টান লাগলেও সেঞ্চুরিবঞ্চিত হননি, শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৫ রানে।
বছর পাঁচেক আগে জাতীয় লিগে রাজশাহীর হয়ে বরিশালের বিপক্ষে একবার ওপেনিংয়ে নেমে করেছিলেন ১৫১ রান। কাল আবার তিন অঙ্কের জাদুকরি সংখ্যাটা দেখতে পেলেন তো সেই অভিজ্ঞতার জোরেই, ‘আগেও ওপেন করে সেঞ্চুরি করেছিলাম বলে আত্মবিশ্বাসটা ছিল। আল আমিনও দারুণ করেছে।’
এবারের লিগে নিয়মিতই আলো ছড়াচ্ছেন আল আমিন। ১০২, ২৭, ৫৪, ৫৬, ৫১* এর পর কাল করলেন অপরাজিত ৮২। প্রাইম ব্যাংকের ভারতীয় পেসার শচীন রানাকে সুইপ করে পূর্ণ করেছেন ফিফটি (৫১ বলে)। ৯০ বলে ৮২ রানে অপরাজিত আল আমিন তিন অঙ্ক ছুঁতেই পারতেন। কিন্তু বৃষ্টিই বঞ্চিত করল ভিক্টোরিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানকে।
৪০ ওভারের পরেই শুরু টিপটিপ বৃষ্টি। ৪২.১ ওভারে খেলা বন্ধ করতে বাধ্য হলেন আম্পায়াররা। বৃষ্টির বাগড়ায় বিকেএসপিতে হওয়া আগের ৩ ম্যাচের দুটিই নিষ্পত্তি হয়েছে ডাকওয়ার্থ-লুইস (ডি-এল) পদ্ধতিতে। কালও হলো তাই। তাতে ভিক্টোরিয়ার জয় ৯ রানে।
প্রাইম ব্যাংকের দুর্ভাগ্য, বৃষ্টির কারণে ডি-এল পদ্ধতিতে হারতে হলো টানা দুটি ম্যাচ। বৃষ্টি তো ছিলই, বাজে ফিল্ডিংয়েরও বড় মূল্য দিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়নদের।