শুভাগতকে নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুভাগত হোম
শুভাগত হোম

প্রথম ম্যাচের পরেই আবারও শুভাগত হোমকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রশ্ন যতটা না শুভাগতের খেলা নিয়ে, তার চেয়ে বেশি ছিল তাকে খেলানো নিয়ে। বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়া শুভাগতের আজকের বোলিং ফিগার যে ০-০-০-০!

প্রশ্নের শুরু হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর। বিপিএলে ভালো খেলেছিলেন নাসির। শুভাগতের চেয়ে ব্যাটে-বলে দুই জায়গাতেই ভালো। শুভাগতও সুযোগগুলো কাজে লাগাতে পারছিলেন না। তবে প্রধান নির্বাচক পরিষ্কার করে দেন, নাসিরকে বাদ দিয়ে শুভাগতকে রাখার পেছনে পারফরম্যান্স নয়, কারণটা কৌশলগত। শুভাগতকে আরও সুযোগ ​দেওয়া হচ্ছে ভবিষ্যতের কথা মাথায় রেখেই।

কিন্তু সেই সুযোগ শুভাগত নিজেই যে কাজে লাগাতে পারছেন না। আজ মুশফিক-মাহমুদউল্লাহ-সাকিবদের আগে তাঁকেই পাঠানো হলো ব্যাটিংয়ে। কিন্তু শুভাগত ৭ বলে ৬ রান করে বোল্ড হয়ে ফিরলেন। ওদিকে আবার বল করার সুযোগও পেলেন না। সংবাদ সম্মেলনে প্রশ্নটা তাই উঠলই। শুভাগতের পরিচয় তো আগে বোলার, তার পরে ব্যাটসম্যান।

মাশরাফি ব্যাপারটিকে একটা মিসটেক হিসেবে দেখছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়কও জানালেন, ম্যাচের পরিস্থিতির দাবি মেটাতে গিয়েই শেষ পর্যন্ত শুভাগতের হাতে বল তুলে দিতে পারেননি, ‘একটা পর্যায়ে হয়তো ওকে বোলিংয় আনতে পারতাম। সেটা করা হয়নি। রিয়াদের (মাহমুদউল্লাহ) ওপর আস্থা রেখেছিলাম। যেহেতু বোলিং করেনি, ব্যাটসম্যান হিসেবে ওকে দেখতে চেয়েছি। ও বোলিং করালে হয়তো রিয়াদ চারে ব্যাট করত।

মাহমুদউল্লাহর পরিবর্তে শুভাগতই নেমেছেন চারে। কিন্তু অধিনায়কের ‘ব্যাটসম্যান হিসেবে দেখতে চাওয়া’র ইচ্ছা পূরণ হলো না। তবে মাশরাফি স্বীকার করলেন, ভুলটা পরিকল্পনাতেও ছিল। শুভাগত ব্যাটিং অলরাউন্ডার হিসেবে একাদশে আসেননি, ‘শুভাগতকে নেওয়া হয়েছিল বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু ম্যাচের পরিস্থিতির কারণে বোলিং করাতে পারিনি। হয়তো ওকে দিয়ে বোলিং করানো উচিত ছিল। ওটা আমার ভুল হয়ে গেছে।’

শুভাগত দ্বিতীয় ম্যাচেও সুযোগ পাচ্ছেন, সেই আভাসও আছে অধিনায়কের কথায়, ‘মাত্র একটা ম্যাচই খেলল, দেখা যাক।’