শুভাগতর ফিফটি, সেঞ্চুরি নাঈমের
প্রথম ইনিংসে ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৪। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০০, দ্বিতীয় ইনিংসে ৫২। বিসিএলের তৃতীয় রাউন্ডে ওয়ালটন মধ্যাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ম্যাচটি পুরোপুরিই শুভাগতময়। শুভাগতর দারুণ পারফরম্যান্সের পরও ম্যাড়মেড়ে ড্রই হলো ম্যাচ।
২৭৯ রানের লক্ষ্য। ১ উইকেটে ৭ রান নিয়েই কাল ফতুল্লায় শেষ দিনটা শুরু করে শুভাগতর মধ্যাঞ্চল। ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পরই খোলসে ঢুকে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। মধ্যাঞ্চল ৭৯ ওভারে ৫ উইকেটে ১৯০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। ১২৪ বলে সর্বোচ্চ ৫২ রান শুভাগতর।
অনুমিতভাবেই ড্র হয়েছে বিসিবি উত্তরাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ম্যাচটি। তিন দিনেও দুই দলের প্রথম ইনিংস শেষ না হলে সেই ম্যাচ ড্রই হওয়ার কথা। তৃতীয় দিন শেষে ৮৫ রানে অপরাজিত উত্তরাঞ্চলের নাঈম ইসলাম সেঞ্চুরি পান কি না দেখার ছিল সেটাই। কাল চট্টগ্রামে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরিটা পেয়ে গেছেন নাঈম। ২৮৪ বলে ঠিক ১০০ রান করেছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান। আটে ও দশে নেমে ফিফটি পেয়েছেন তাঁর দুই সতীর্থ সোহরাওয়ার্দী শুভ ও সানজামুলও। উত্তর ৪০৪ রানে অলআউট হওয়ার পর পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৯২ রান তুলতেই ড্র মেনে নেয় দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ২৬০ ও ৩১৭। ওয়ালটন মধ্যাঞ্চল: ২৯৯ ও ৭৯ ওভারে ১৯০/৫ (শুভাগত ৫২, তাইবুর ৩৯*, মজিদ ৩৬; রুবেল ২/৪১, সোহাগ ২/৫৪, মোস্তাফিজ ১/১৩)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: শুভাগত হোম।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: ৪৯০ ও ২১ ওভারে ৯২/১ (ইমতিয়াজ ৪৪*, তাসামুল ৩২*; নাসির ১/১৫) । বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৫১.১ ওভারে ৪০৪ (নাঈম ১০০, সোহরাওয়ার্দী ৫৯, সানজামুল ৫৪*, ধীমান ৪০, নাজমুল ৩৫; আবুল হাসান ৩/৬৬, অলক ২/১৭, তাসামুল ১/২৮, রাহাতুল ১/৪১, আফিফ ১/৬৩, সাকলাইন ১/৬৬, জায়েদ ১/১১০)। ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: আফিফ হোসেন।