শুভাগত-তাইজুলের প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ডসকে আউট করার পর তাইজুল (বাঁয়ে), গেইলের বিপক্ষে সফল এলবিডব্লুর আপিল শুভাগতর। সেন্ট ভিনসেন্টে প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাকল টেস্ট অভিষিক্ত দুই বাংলাদেশি বোলারের জন্য l উইন্ডিজক্রিকেট ডটকম
এডওয়ার্ডসকে আউট করার পর তাইজুল (বাঁয়ে), গেইলের বিপক্ষে সফল এলবিডব্লুর আপিল শুভাগতর। সেন্ট ভিনসেন্টে প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাকল টেস্ট অভিষিক্ত দুই বাংলাদেশি বোলারের জন্য l উইন্ডিজক্রিকেট ডটকম

দুজনই কথা বলেন খুব কম। এমনই কম যে সেই কথা দিয়ে খেলার পাতার জন্য ‘স্টোরি’ করা খুব কঠিন। তাই বলে আবার এটা ভেবে বসবেন না, কম কথা বলায় তাঁদের সমালোচনা করা হচ্ছে। কথা বলা আসলে তাঁদের কাজই নয়, কাজ হলো খেলা। সে জায়গায় দুজনই খুব ভালোভাবে শুরু করলেন ক্যারিয়ারের নতুন একটা অধ্যায়।
ভালো কথা, কাদের নিয়ে এত কিছু বলা হচ্ছে, সেটাই তো বলা হয়নি! তাঁদের একজন শুভাগত হোম চৌধুরী, আরেকজন তাইজুল ইসলাম। সেন্ট ভিনসেন্ট টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য যে রকমই কাটুক না কেন, এই দুজন আর্নস ভেলের ৫ সেপ্টেম্বরকে স্মৃতির মণিকোঠায় বিশেষ স্থান দেবেনই।
বাংলাদেশের ৭২ ও ৭৩তম টেস্ট ক্রিকেটার হিসেবে একই দিনে অভিষেক শুভাগত আর তাইজুলের। শুভাগতর এর আগে ওয়ানডে অভিষেক হলেও তাইজুল পেলেন আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথম খেলার সুযোগ। তবে একটা জায়গায় দুজনের রোমাঞ্চ একই রকম—টেস্ট খেলার রোমাঞ্চ। ‘সবারই টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন থাকে। আমার সে স্বপ্ন পূরণ হওয়াতে ভালো লাগছে’—বলছিলেন শুভাগত। তাইজুলের কথা, ‘ম্যাচের আগে সকালেই জেনেছি যে আমি খেলব। টেস্ট ম্যাচ খেলছি, ব্যাপারটাই অন্যরকম।’
মজার ব্যাপার হলো, সেন্ট ভিনসেন্ট টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের যে ৩ উইকেট ফেলেছে, তার তিনটিই এই দুজনের। তাইজুল পেয়েছেন দুটি আর একটি শুভাগত। শুভাগত অবশ্য নিয়েছেন ক্রিস গেইলের উইকেটটা। অভিষেক টেস্টে এত বড় উইকেট, এটিকে নিশ্চয়ই তিনি বোনাস হিসেবে দেখছেন না। শুভাগত বরং বললেন, ‘এটা বাড়তি কিছু না। চেষ্টা তো করেছি সবার উইকেটই নেওয়ার। গেইলেরটা পেয়ে গেছি আর কী!’
তাইজুলের প্রথম উইকেট কার্ক এডওয়ার্ডসেরটা, দিনের খেলা শেষ হওয়ার দুই ওভার আগে নিয়েছেন ডোয়াইন ব্রাভোর উইকেটও। তবে টেস্টে দলের অবস্থার কথা ভেবে নিজের সাফল্যে তৃপ্ত হতে পারছেন না এই বাঁহাতি স্পিনার, ‘প্রথম দিন হিসেবে আল্লাহর রহমতে অনেকটা ভালো গেছে। তবে ওদের উইকেট কম পড়ছে। উইকেটটা বেশি ব্যাটিং সহায়ক। তার পরও আরেকটু ভালো জায়গায় বল ফেলতে পারলে ভালো হতো।’
তাইজুল-শুভাগত শুধু উইকেটই পাননি, অফ স্পিন আর বাঁহাতি স্পিনের জুটিতে আটকে দিয়েছিলেন ক্যারিবীয়দের রানের চাকাও। ইনিংসের ২৯ থেকে ৪৮তম ওভার পর্যন্ত একটানা জুটি বেঁধে বল করেছেন দুজনে। এই ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে যোগ হয়েছে মাত্র ৫৪ রান, পড়েছে ২ উইকেট। ‘আত্মবিশ্বাস ছিল, যখন তখন কিছু হতে পারে। আমরা বেসিক কাজগুলো ঠিকভাবে করতে চেষ্টা করেছি’—ওই সময়ের কথা বলতে গিয়ে জানালেন তাইজুল।
তাইজুল স্পিনার, স্পিনার হিসেবেই টেস্ট অভিষেক হলো এবং প্রথম দিনে সাফল্যও পেয়েছেন। শুভাগতর জন্য ব্যাপারটা অন্যরকম। তাঁর আসল পরিচয় ব্যাটসম্যান হলেও টেস্ট ক্রিকেট থেকে প্রাপ্তির খাতায় প্রথম দাগটা ফেললেন বল হাতে। টেস্ট ক্রিকেটটা বোলার হিসেবে সাফল্য পেয়ে শুরু হবে, সেটা ভাবেননি শুভাগতও, ‘আমি কখনোই ভাবিনি। খেলা তো শুরু করেছি ব্যাটসম্যান হিসেবে।’ তবে এখন থেকে বোলিংয়ের পরিচর্যা আরও নিয়মিত করবেন বলেই ঠিক করেছেন, ‘ব্যাটিংয়ের পাশাপাশি যদি বোলিংটাও চালিয়ে যেতে পারি সেটা খেলোয়াড় হিসেবে আমার জন্য বাড়তি সুবিধা।’
শুভাগত-তাইজুলের ভালো শুরুর অভিষেক টেস্টটা বাংলাদেশ দলের জন্যও ভালো হবে তো!

স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস
(প্রথম দিন শেষে: ৮৭ ওভারে ২৬৪/৩; ব্রাফেট ১২৩*, চন্দরপল ১*)
                  রান বল ৪ ৬
ব্রাফেট ব্যাটিং ১৬২ ৩৩০ ১২ ০
চন্দরপল ব্যাটিং ২৩ ৮০ ৩ ০
অতিরিক্ত (বা ৫, লেবা ৯, নো ১) ১৫
মোট (১০৯ ওভারে, ৩ উইকেটে) ৩৩৬
উইকেট পতন: ১–১১৬ (গেইল, ৩৯.১ ওভার), ২–১৩৩ (এডওয়ার্ডস, ৪২.২), ৩–২৬১ (ব্রাভো, ৮৪.৩)।
বোলিং: আল আমিন ১৯-৯-৪৩-০, রুবেল ২৩-১-৮২-০ (নো ১), মাহমুদউল্লাহ ৫-০-৩১-০, শুভাগত ৩৩-৬-৮৭-১, তাইজুল ২৯-৭-৭৯-২।
(অসমাপ্ত)