শুরু আর শেষে এমন অমিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা-বিরতিতে কী এক রসিকতায় মুরালি বিজয়ের শার্ট টেনে ধরলেন বিরাট কোহলি। এই হাসি পরে অনূদিত হয়েছে দুজনের ব্যাটেই, দুজনই পেয়েছেন সেঞ্চুরি l এএফপি
চা-বিরতিতে কী এক রসিকতায় মুরালি বিজয়ের শার্ট টেনে ধরলেন বিরাট কোহলি। এই হাসি পরে অনূদিত হয়েছে দুজনের ব্যাটেই, দুজনই পেয়েছেন সেঞ্চুরি l এএফপি

প্রভাত নাকি দিনের পূর্বাভাস দেয়!

দিন শেষে স্কোরবোর্ডটা এই প্রবাদকে রীতিমতো উপহাস বানিয়ে দিল।
রানের ঘরে ৩৫৬। উইকেটের ঘরে ৩।
এটি দেখে কে বলবে, বাংলাদেশের শুরুটা অমন দারুণ হয়েছিল!
খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই গ্যালারিতে প্রায় সাড়ে সাত হাজার দর্শক। ভারতে বেশির ভাগ টেস্ট ম্যাচে গ্যালারিতে যেখানে পাখি ওড়াউড়ি করে, কখনো কখনো পুলিশের সংখ্যা ছাড়িয়ে যায় দর্শকসংখ্যাকে, সেখানে এমন গমগমে গ্যালারি অবাক করার মতোই। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ বলেই কি অমন দর্শক-আগ্রহ! অবাক হওয়ার কী আছে, কে না এই ‘ঐতিহাসিক’ মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে চাইবে!
আসল ঘটনা অন্য। দর্শকশূন্য গ্যালারির ভয়ে আয়োজকেরা বিনা টিকিটে টেস্ট দেখার সুযোগ করে দিয়েছেন। বাস ভরে এসেছে স্কুলছাত্ররা। পড়ন্ত বিকেলে ‘উই ওয়ান্ট সেঞ্চুরি’ বলে তাদের তুমুল চিৎকার। বিরাট কোহলি তখন আশির ঘরে। দর্শক চাহিদা মিটিয়ে সেঞ্চুরিটাও করে ফেললেন। সেঞ্চুরি করেই থেমে যাওয়ার পাত্র তিনি নন। দিন শেষে ১১১ রানে অপরাজিত থেকে টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য আরও দুর্বিষহ করে তোলার হুমকিও দিয়ে রাখলেন।
এর আগে সেঞ্চুরি করেই থেমে গেছেন একজন। আরেকজন আউট হয়েছেন সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে। মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। বাংলাদেশের দারুণ যে শুরুর কথা বলছিলাম, সেটিকে ক্রমশ দূর অতীতের স্মৃতি বানিয়ে দেওয়ার শুরুটা করেছেন এঁরা দুজন মিলেই। দ্বিতীয় উইকেটে দুজনের ১৭৮ রানের জুটি।
এই দশকে ভারতীয় ক্রিকেটে কত রথী-মহারথী ব্যাট হাতে নেমেছেন। সবাইকে ছাপিয়ে সবচেয়ে সফল জুটিটি এই দুজনের। এই মৌসুমেই এটি তাঁদের পঞ্চম শতরানের জুটি। সব মিলিয়ে অষ্টম। রানসংখ্যায় কাছাকাছি আছেন শেবাগ-গম্ভীর। সেঞ্চুরির সংখ্যায়ও। তবে এখানে শেবাগ-গম্ভীরকে কাল ধরে ফেললেন কোহলি ও রাহানে। দুই জুটিরই সেঞ্চুরিসংখ্যা ৫।
দিনের শুরু আর শেষে আকাশ-পাতাল পার্থক্যের কথা বলে নেওয়া যাক। প্রথম ওভারেই উইকেট পেল বাংলাদেশ। আগের দিনই মুশফিকুর রহিম বলেছিলেন, এই উইকেটে পরের দিকে হয়তো বল টার্ন করবে, তবে শুরুতে তা ব্যাটিংয়ের জন্য খুব ভালো হবে। টসে জিতে ব্যাটিং নেওয়ার সময় বিরাট কোহলির মুখেও একই কথা। তাসকিনের চতুর্থ বলেই উইকেটটাকে তাই মনে হচ্ছিল পরম এক আশীর্বাদ। অফ স্টাম্পের বেশ বাইরের একটি বলে ড্রাইভ করতে গিয়ে যেভাবে সেটিকে স্টাম্পে টেনে আনলেন কে এল রাহুল, তাতে সেটিকে উপহার বলেই মনে হওয়াই স্বাভাবিক।
ভাগ্য ভালো থাকলে নতুন বলেই অন্তত আরেকটা উইকেট পড়তে পারত। তাসকিনের প্রথম স্পেলটা ছিল দুর্দান্ত। গতির সঙ্গে বল মুভও করালেন। ৮ ওভারের প্রথম স্পেলের শেষ দিকে একটু ক্লান্ত হয়ে পড়ার আগ পর্যন্ত কামরুল ইসলাম রাব্বীও ভালো বোলিং করেছেন। পূজারার উইকেটটি পেয়েও যেতে পারতেন। দেরিতে সুইং করা দারুণ বলটি পূজারারা ব্যাটের কানা নিয়েছিল। প্রথম স্লিপে দাঁড়ানো সৌম্য পর্যন্ত তা পৌঁছায়নি। মুশফিকুর ডাইভ দিলে ক্যাচটা পেতেন কি না, সেই প্রশ্ন অবশ্য থাকলই। বল যেহেতু কারও হাতে যায়নি, এটিকে ‘লাইফ’ বলা যাবে কি না, সেই প্রশ্নও।
মুরালি বিজয়কে নিয়ে এই সমস্যা নেই। যেভাবে তিনি রানআউটের হাত থেকে বাঁচলেন, ময়মুরুব্বির অশেষ দোয়া না থাকলে সেটি সম্ভব নয়। স্কয়ার লেগ থেকে ফিল্ডিং করে রাব্বী যখন বোলার মিরাজের দিকে থ্রো করলেন, ক্রিজের ত্রিসীমানায় মুরালি বিজয়ের দেখা নেই। কিন্তু মিরাজ বলটা ধরতেই পারলেন না। বিজয় তখন ৩৫ রানে। ভারতের রান ৬৭।
দিন শেষে যৌক্তিকভাবেই আক্ষেপ করলেন তাসকিন। ওই রানআউটটা হয়ে গেলে হয়তো ভারতের ৫-৬টি উইকেট পড়ে যেত। হয়তো যেত, হয়তো না। তবে বাংলাদেশের বিপক্ষে এবং একই সঙ্গে এই মাঠে মুরালি বিজয়ের টানা দ্বিতীয় সেঞ্চুরিটা যে হতো না, এতে তো কোনো সন্দেহ নেই।
উইকেটে পেসারদের জন্য যা একটু ছিল, প্রথম ঘণ্টার পরই তা শেষ। রাহুলের উইকেট আর দুই পেসারের ভালো বোলিংয়ের সৌজন্যে ভারতীয় ইনিংসের প্রথম পাঁচ ওভারে স্কোরিং শট মাত্র চারটি। প্রথম বাউন্ডারির দেখা মিলল ষষ্ঠ ওভারে। প্রথম ১০ ওভারে রান ১ উইকেটে ২৬। বাউন্ডারি মাত্র ২টি।
রানটা মনে রাখুন। কারণ দিনের শুরু আর শেষের পার্থক্য বুঝতে এটি জরুরি। দিনের শেষ ১০ ওভারে রান উঠল টি-টোয়েন্টির গতিতে। ৭১! বাউন্ডারিই হলো ১২টি!
বড় অবদান অবশ্যই কোহলির। গত কিছুদিন তাঁর ব্যাটিংয়ে এমনই একটা অনায়াস ভঙ্গি যে, কে বোলার, কী বল তাতে যেন কিচ্ছু আসে যায় না। মুখস্থ ব্যাটিং, যেন অটো পাইলট মুডে ছুটে চলা কোনো উড়োজাহাজ। উইকেটে সেট-টেট হওয়ার মতো সর্বসাধারণের জন্য প্রযোজ্য নিয়মও তাঁর ক্ষেত্রে খাটে না। প্রথম তিন বলেই দুটি বাউন্ডারি। সেঞ্চুরি করলে সেটিকে বড় করতে ভালোবাসেন। সর্বশেষ চারটি টেস্ট সেঞ্চুরির তিনটিকেই ডাবলে রূপ দিয়েছেন। যেটি পারেননি, সেটিও ১৬৭।
টেস্ট ম্যাচ শুরুর আগে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার নাম হয়ে ছিলেন বিরাট কোহলি। আজ বোধ হয় ভয়ের নামও!

প্রথম দিন শেষে
ভারত ১ম ইনিংস: ৩৫৬/৩