শুরু হচ্ছে দুই সিরিজের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্র্যাকটিসের জার্সি নিয়ে পেসার আল আমিন ঢুঁ মারতে এলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের অফিসে। একটু পর সেখানে হাজির মারিও ভিল্লাভারায়ন। আল আমিনের হাতে জার্সির প্যাকেট দেখে মজা করলেন জাতীয় দলের ট্রেনার, ‘প্র্যাকটিসের পোশাক! তার মানে তুমিও কাল (আজ) আসছ...।’

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর অনেক আগেই প্রস্তুতি ক্যাম্পের জন্য ইংল্যান্ডে চলে গিয়েছিল জাতীয় দল। সেই থেকে এত দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম আর বিসিবি কার্যালয়ে প্রাণচাঞ্চল্য একটু কমই ছিল। চ্যাম্পিয়নস ট্রফি শেষে জাতীয় দল দেশে ফিরলেও খেলোয়াড়েরা ছিলেন ছুটিতে। তবে আজ সকাল থেকে শুরু হতে যাওয়া ফিটনেস ক্যাম্প উপলক্ষে আবারও সরব হয়ে উঠবে শেরেবাংলা স্টেডিয়াম।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে ফিটনেস ক্যাম্পের জন্য আগেই ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটি। তাতে জাতীয় দলের হয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ খেলা আল আমিন যেমন আছেন; আছেন জাতীয় দল থেকে দূরে সরে যাওয়া এনামুল হক, আবুল হাসানের মতো ক্রিকেটাররাও।

তবে ট্রেনারের তত্ত্বাবধানে মিরপুরের জিমনেসিয়াম ও একাডেমি মাঠে শুরু হতে যাওয়া ক্যাম্পে প্রথম থেকেই ২৯ জনের সবাই থাকছেন না। এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে তামিম ইকবাল গেছেন ইংল্যান্ডে। এনামুল হক, আবুল হাসান, লিটন দাস, তানভীর হায়দার ও সাইফ উদ্দিন হাইপারফরম্যান্স দলের সঙ্গে আছেন অস্ট্রেলিয়া সফরে। ক্যাম্প শুরু হচ্ছে তাই ২৩ ক্রিকেটারকে নিয়ে।

ফিটনেস ক্যাম্প যেহেতু, কোচিং স্টাফদের মধ্যে শুধু ট্রেনারই থাকছেন আপাতত। ছুটি শেষে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ২৮ জুলাই ফিরে আসার পর শুরু হবে মূল অনুশীলন। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের অবশ্য ২০ জুলাইয়ের মধ্যে চলে আসার কথা।