শুরু হলো যুব ক্রিকেট লিগ
চট্টগ্রামে শুরু হয়ে গেল অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট লিগ। কাল শুরু দুটি চার দিনের ম্যাচের প্রথম দিনে প্রাধান্য ছিল ব্যাটসম্যানদের। এমএ আজিজ স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে সারা দিনে মাত্র ৪ উইকেটে ২৮২ রান তুলেছে মধ্যাঞ্চল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চল অলআউট হওয়ার আগে করেছে ২৫২ রান। জবাবে ১ উইকেটে ১০১ রান তুলে ফেলেছে উত্তরাঞ্চল।
এমএ আজিজে মধ্যাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন ওপেনার মুনিম শাহরিয়ার ও চার নম্বরে ব্যাট করা সাইফ হাসান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা সাইফ অবশ্য অপরাজিত ছিলেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে সাইফের সঙ্গে ১২০ রান যোগ করা রায়হান রাফসান অপরাজিত ৫২ রানে।
উত্তর-দক্ষিণের ম্যাচে দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৭১ রান ওপেনার আফিফ হোসেনের। উত্তরাঞ্চলের নাজমুল হোসেন (শান্ত) ৪৬ রানে নিয়েছেন ৩ উইকেট। পরে ব্যাট হাতেও সফল উত্তরের অধিনায়ক, অপরাজিত আছেন ৫৫ রানে।