শুরু হয়ে গেছে 'নতুন চ্যালেঞ্জ' জয়
মুশফিকুর রহিমের মুখ দিয়েই প্রথম বের হয়েছিল কথাটা। বলেছিলেন গত অক্টোবরে ঢাকায় ইংল্যান্ডকে টেস্টে হারানোর পর। সামনে ছিল নিউজিল্যান্ড সফর। মুশফিক বলেছিলেন, সফরটা বাংলাদেশ দলের জন্য হবে নতুন চ্যালেঞ্জ।
‘নতুন চ্যালেঞ্জে’র কথা তখন থেকেই মুখে মুখে। কিন্তু কী সেই ‘নতুন চ্যালেঞ্জ?’
২০১৪-এর ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের নতুন চেহারা দেখতে লাগল সবাই। জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০-তে হোম সিরিজ জয়। প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া। দেশে ফিরে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে পরপর সিরিজ হারানো। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও টেস্টের আগে একটি ওয়ানডে জয়।
স্বপ্নে মোড়ানো সময়টা পেরিয়েই বাংলাদেশের টেস্ট অধিনায়ক যেন নিজেদের চামড়ায় চিমটি কাটতে চাইলেন ওই কথা বলে। ঘরের মাঠে তো অনেক বাঘের হুংকার ছাড়া হলো। এবার বিদেশের মাটিতে ভালো কিছু করে দেখাও তো দেখি! নতুন চ্যালেঞ্জ ওটাই—বিদেশের মাটিতেও ভালো খেলা। ভালো দলের চিহ্ন রেখে আসা।
কলম্বো টেস্ট জয়ের পর শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতেও হারানোর পর কি সেই পর্বই শুরু করে দিল বাংলাদেশ দল? ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য কাল ডাম্বুলায় সংবাদ সম্মেলনে বললেন, চ্যালেঞ্জ জয়ের এখনো অনেকটা পথ বাকি, ‘আমার যেটা মনে হয়, ধীরে ধীরে আরও উন্নতি হবে। যেটা অন্যান্য প্রতিষ্ঠিত দলের ক্ষেত্রেও হয়েছে। বাইরের দেশে গিয়ে একেবারে আপনি সব ম্যাচ জিততে পারবেন না। তবে উন্নতি হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ।’
নতুন চ্যালেঞ্জ জয়ের রেখাচিত্রটি আঁকা হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড সফরেই। বাংলাদেশ জিততে পারত অন্তত একটি ওয়ানডে। নিশ্চিত ড্র করতে পারত ওয়েলিংটন টেস্টে। কিন্তু নিজেদের মুখের গ্রাসটা নিজেরাই ফেলে দিয়ে এসেছে মাশরাফি-মুশফিকদের দল। তীরে গিয়ে তরি ডোবানোর এই অভিশাপ থেকে অনেকটাই মুক্ত হওয়া গেছে শ্রীলঙ্কায়। তবু নিউজিল্যান্ডে হাতছাড়া করা সুযোগ এখনো তাড়া করে মাশরাফিকে, ‘ইংল্যান্ড সিরিজের পর থেকেই বলেছিলাম, নিউজিল্যান্ড সফর থেকে আমাদের ভিন্ন চ্যালেঞ্জ শুরু হবে। কিন্তু নিউজিল্যান্ডে আমরা সুযোগ তৈরি করেও জিততে পারিনি।’
শ্রীলঙ্কায় সুযোগগুলো আর ফসকাচ্ছে না। নিউজিল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তুলির শেষ আঁচড়টা এখানে দিতে পারছে বাংলাদেশ দল। তবে এটাকেই নতুন চ্যালেঞ্জ জয়ের অন্তিম ছবি মনে করেন না ওয়ানডে অধিনায়ক, ‘এখানে আমরা প্রথম ওয়ানডে জিতেছি। এর আগে দ্বিতীয় টেস্ট ম্যাচও জিতেছি। তবে আমরা উন্নতি করতে চাচ্ছি কি না কিংবা উন্নতি কতটুকু হচ্ছে, সূচক কোন দিকে যাচ্ছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডে কঠিন সময় ছিল আমাদের জন্য। বলতে পারেন এটা একটা প্রক্রিয়া।’
শ্রীলঙ্কা সফরটা এই প্রক্রিয়া শুরুর জন্য হলেও অন্তত স্মরণীয় হয়ে থাকুক। শুরুর শুরুটা তো হয়েই গেছে। এখন শুধু সাফল্যের ক্যানভাসে শেষ টানটা দিতে হবে।