শুরুতে আবার টালমাটাল ভারত

টেস্ট কি কলম্বোতেই হচ্ছে? নাকি দেখাচ্ছে গল টেস্টের হাইলাইটস? কেউ কেউ ধন্দে পড়ে যেতেই পারেন। গল টেস্টে ১৯২ রানের বিশাল লিড পেয়েছিল ভারত। তার পরও ম্যাচটা হেরেছিল দ্বিতীয় ইনিংসে যাচ্ছেতাই ব্যাটিং করে। কলম্বো টেস্টের ভবিষ্যৎ জানতে এখনো অপেক্ষা করতে হচ্ছে। তবে গলে নিজেদের দ্বিতীয় ইনিংসের চেয়েও আজ ভারতের শুরুটা হলো আরও টালমাটাল। মাত্র ৭ রান তুলতে হারিয়ে ফেলল ৩ উইকেট।
বৃষ্টির কারণে আগেভাগে শেষ হয়ে গেছে তৃতীয় দিনের খেলা। বিরাট কোহলি আর রোহিত শর্মা মিলে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করছেন। ৩ উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করেছে ভারত। লিড ১৩২ রানের।
প্রথম ইনিংসে পাওয়া ১১১ রানের লিডটাকে জলে ফেলার শুরু প্রথম ইনিংসেরই নায়ক চেতেশ্বর পূজারাকে দিয়ে। ১৪৫ রানের ইনিংস খেলেছেন, মাত্র চতুর্থ ভারতীয় হিসেবে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সেই কীর্তি টাটকা থাকতেই আজই শূন্য রানে আউট হওয়ার অভিজ্ঞতাও হলো পূজারার। ভারতীয় ক্রিকেটের আরেক আশ্চর্য রেকর্ড নিয়ে হাজির হওয়া লোকেশ রাহুল তাঁর ‘করলে সেঞ্চুরি না করলে নাই’ নীতি বজায় আবারও ২ রানে আউট হলেন। অজিঙ্কা রাহানে ফিরলেন ৪ রান করে। ৫.২ ওভারে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান নেই!
এরই মধ্যে ছক্কা হাঁকিয়ে ১০ বলে ১৪ রানে অপরাজিত রোহিত পাল্টা আক্রমণ করে পাল্টা জবাব দিতে চাইছেন। ১২ বলে ১ রানে অপরাজিত কোহলি অবশ্য এখনো সতর্ক। এই টেস্টেও নাটকীয় কিছু অপেক্ষা করছে কিনা কে জানে।
এই টেস্টে এখন পর্যন্ত ২৩টি উইকেট পড়েছে। অথচ কমপক্ষে ৫০ পেরোনো ইনিংস মাত্র তিনটি! টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের দুর্দশার প্রমাণ হয়ে থাকছে সর্বকালের অন্যতম সেরা এক টেস্ট ব্যাটসম্যানকে বিদায় জানানোরই এই সিরিজ। আজও যেমন মাত্র ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। এর মধ্যে ধাম্মিকা প্রসাদও আহত হয়ে মাঠ ছাড়লে বিপদে পড়ে যায় শ্রীলঙ্কা।
সেখান থেকে সাতে নামা কুশল পেরেরার ৫৫ আর নয়ে নামা রঙ্গনা হেরাথের ৪৯ শ্রীলঙ্কার মান বাঁচায়। অলআউট হওয়ার আগে স্বাগতিকেরা তোলে ২০১ রান। ১২ ইনিংস পর ৫ উইকেটের দেখা পেয়েছেন ইশান্ত শর্মা।
কিন্তু বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স বৃথাই যাচ্ছিল ব্যাটসম্যানদের ব্যর্থতায়। গলের ভাগ্য বরণ করে নিতে হলে ২২ বছর ধরে শ্রীলঙ্কায় অধরা টেস্ট সিরিজের শিরোপা নাগালের বাইরেই থেকে যাবে ভারতের।