শুরুতে ওয়াগনার, শেষে এলগার
ডানেডিন টেস্ট শুরুই হয়েছে দুই ‘শত্রু’র গল্প দিয়ে। প্রথম দিন শেষেও আলোচনাটা দুই শত্রুকে ঘিরে। সকালবেলায় রাজত্ব ছিল নিল ওয়াগনারের। দিনের শেষে রাজ্যপাট ডিন এলগারের। বাঁহাতি ওপেনারের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২৯ রানে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।
নিউজিল্যান্ডের মাঠে ৯০ ওভার খেলা হওয়ার পরও মাত্র ২২৯ রান করতে পেরেই খুশি সফরকারীরা। ডানেডিনের উইকেট সম্পর্কে যা বোঝার বুঝে নিতে পারেন এ থেকেই। কিউই উইকেটকিপার বিজে ওয়াটলিং কখনো বল ধরেছেন গোড়ালি উচ্চতায়, পরেরটাই আবার কোমর উচ্চতায়। এ উইকেট দেখেই টিম সাউদিকে বসিয়ে রাখল নিউজিল্যান্ড!
কালচে সবুজ এই উইকেটেই টসে জিতে ব্যাটিং নিয়েছেন ফাফ ডু প্লেসি। নিউজিল্যান্ডের মাটিতে ২২ টেস্ট পরে কেউ এমন কিছু করার সাহস দেখালেন। এলগার প্রথম ব্যাটিংয়ের সুযোগ পেলেন ইনিংসের ১৪তম বলে। এর আগেই বল ধরতে ওয়াটলিংয়ের বিপর্যস্ত অবস্থা দেখে ফেলেছেন। ‘শত্রু’ ওয়াগনারকে খেলার সুযোগ এলগার পেলেন পরের ওভারে। প্রথম চারটিও ওয়াগনারের বলেই।
বাঁহাতি পেসার আবারও বল হাতে নিতে নিতে ১৯তম ওভার। সে ওভারেই জোড়া আঘাত। ২২ রানে ৩ উইকেট হারিয়ে প্রোটিয়ারা তখন রীতিমতো কাঁপছে। নিজের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে নামতে হলো ডু প্লেসিকেই। অধিনায়ককে সঙ্গী পেয়েই ওয়াগনারের জবাব দেওয়ার শক্তিটা পেলেন এলগার। স্কুলজীবনের পুরোনো প্রতিদ্বন্দ্বীর ৬৯ বলে নিয়েছেন ৩৭ রান। ২২ বাউন্ডারির ছয়টি ওয়াগনারের বলে। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিটা হয়তো এ কারণেও স্মরণীয়, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন দিন ছিল এটা। আমি অন্যদের মতো প্রতিভাবান নই। সবাইকে তাঁর শক্তির জায়গাটা কাজে লাগাতে হয়। সেটাই করেছি, দাঁতে দাঁত চেপে লড়েছি।’
ডু প্লেসির লড়াই অবশ্য ১২৬ রানের জুটি গড়ার পর থেমে গেছে। তবু প্রোটিয়ারা স্বস্তিতে আছে টেম্বা বাভুমা দাঁড়িয়ে গেছেন বলে। প্রথম রান পেতে ২০ বল অপেক্ষা করলেও বাকি সময়টা দারুণ খেলে ৩৮ রানে অপরাজিত। এতটাই যে, প্রথম দিনের নায়ক এলগার মুগ্ধ, ‘এখন পর্যন্ত যা দেখেছি, এটাই ওর সেরা ব্যাটিং।’ ক্রিকইনফো, এএফপি।
স্কোরকার্ড
টস: দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস
রান বল ৪ ৬
কুক এলবিডব্লু ব বোল্ট ৩ ২৯ ০ ০
এলগার ব্যাটিং ১২৮ ২৬২ ২২ ০
আমলা ব ওয়াগনার ১ ২৮ ০ ০
ডুমিনি ক টেলর ব ওয়াগনার ১ ২ ০ ০
ডু প্লেসি ক বোল্ট ব নিশাম ৫২ ১১৮ ৭ ০
বাভুমা ব্যাটিং ৩৮ ১০১ ৭ ০
অতিরিক্ত (বা ৪, লেবা ১, ও ১) ৬
মোট (৯০ ওভারে, ৪ উইকেটে) ২২৯
উইকেট পতন: ১-১০, ২-২০, ৩-২২, ৪-১৪৮।
বোলিং: বোল্ট ২২-১০-৪৪-১ (ও ১), ওয়াগনার ২০-৪-৫৯-২, প্যাটেল ২৪-৯-৬০-০, স্যান্টনার ১৮-৫-৩২-০, নিশাম ৬-২-২৯-১।