শুরুতে নাসুম, শেষে মোস্তাফিজ
ভালো বাঁক, বাউন্স, গতির বৈচিত্র্যের সঙ্গে নিয়ন্ত্রণ— বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বোলিংয়ে আজ সবই ছিল। এসবের মিশ্রণে যা হওয়ার কথা হয়েছে সবই। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচে নাসুমের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না নিউজিল্যান্ডের টপ অর্ডার। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নাসুমের শিকার ৪ উইকেট।
এই বাঁহাতি স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫২ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তারা কিন্তু সেটি হতে দেননি মোস্তাফিজুর রহমান। ১২ রানে ৪ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ১০০ও পেরোতে দেননি তিনি। সব কটি উইকেট হারিয়ে কিউইরা অলআউট হয়েছে ৯৩ রানেই। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ দলের সিরিজ জয় নিশ্চিত করতে দরকার ৯৪ রান।
গল্পের অন্যতম নায়ক যে নাসুম হবেন, সেই ইঙ্গিত তিনি দিয়েছিলেন ইনিংসের প্রথম ওভারেই। যখন নিউজিল্যান্ডের বাঁহাতি ওপেনার রাচিন রবীন্দ্রকে শূন্য রানে আউট করেন তিনি। সে ওভারে কোনো রানই দেননি তিনি। দ্বিতীয় ওভারে এসে ভয়ংকর হয়ে ওঠা আরেক ওপেনার ফিন অ্যালেনকে পয়েন্ট ফিল্ডারের ক্যাচে ফেরান নাসুম।
নাসুমের বাকি দুই শিকার আসে তাঁর চতুর্থ ওভারে। ইনিংসের ১১ তম ওভারে বোলিং করতে এসে পর পর দুই বলে হেনরি নিকোলস আর কলিন ডি গ্র্যান্ডহোমকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে নিউজিল্যান্ড ইনিংসের সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। রবীন্দ্রর আউটে তিনে নামা অধিনায়ক টম ল্যাথাম এক-দুই রান নিয়ে ভালোই খেলছিলেন। দ্রুত রান না নিলেও উইল ইয়াংয়ের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছিলেন তিনি। ১১ তম ওভারে সেই জুটি ভাঙেন মেহেদী। দারুণ অফ স্পিনে ক্রিজ থেকে বেরিয়ে আসা ল্যাথামকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি। ২৬ বল খেলে ২১ রান করা ল্যাথামের ইনিংসের সমাপ্তি সেখানেই।
নিউজিল্যান্ড ইনিংসকে চাপে রাখার বাকি কাজটা করেন বাঁহাতি পেসার মোস্তফিজুর রহমান। আরেক পেসার মোহাম্মদ সাইফউদ্দিন নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন। সঙ্গে সঙ্গেই তাঁকে মাঠ ছাড়তে হয়। পরে অবশ্য মাঠে ফিরেছেন, বোলিংও করেছেন। তবে ডেথ ওভারে মোস্তাফিজই ছিলেন কিউইদের আতঙ্ক।
১৬তম ওভারে টম ব্লান্ডেল ও কোল ম্যাককনকির উইকেট নেন মোস্তাফিজ। দুজনের আউটই দুটি দুর্দান্ত ক্যাচের ফল। ব্লান্ডেল মোস্তাফিজকে তুলে মারতে গিয়ে মিড অনে ঝাঁপিয়ে পড়া মোহাম্মদ নাঈমের তালুবন্দী হন। ম্যাককনকির ইনিংস শেষ হয় মোস্তাফিজেরই অবিশ্বাস্য এক ক্যাচে। কিউই ব্যাটসম্যানরা যখন আসা যাওয়ায় ব্যস্ত, তখন ইয়াংই এক প্রান্ত ধরে রেখেছিলেন। কন্ডিশন জয় করে তিনি ৪৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। সেই ইনিংসও থামে মোস্তাফিজের হাতে। ব্লেয়ার টিকনারের উইকেট নিয়ে ৩.৩ বলে ১২ রান দিয়ে তাঁর চতুর্থ উইকেট তুলে নেন মোস্তাফিজ।