শুরুতে বিপর্যয় শেষে উদ্ভাসিত অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর সঙ্গে শেষের কোনো মিল নেই। শুরুটা রিক্ত-বিপর্যয়ে ঠাসা অথচ শেষটা কী দুর্দান্ত চমকজাগানিয়া। ৬০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া কার্লটন-মিড ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ২৭৮ রানের। এই চ্যালেঞ্জটা ছোড়া হতো না, যদি গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও জেমস ফকনার জ্বলে না উঠতেন। এই ত্রয়ীর ঝড় তোলা ব্যাটিংয়েই শুরুর বিপর্যয় সামলে নিয়ে নাটকীয় প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার। এই তিনের মিলিত লড়াইয়েই শুরুর উচ্ছ্বাস মিইয়ে গিয়ে ইংলিশদের চেহারায় এখন রাজ্যের অন্ধকার। শুরুর সাফল্যের পর ২৭৯ রানের লক্ষ্য ইংলিশদের জন্য নিশ্চয়ই প্রত্যাশিত কিছু নয়।
টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়া ইংল্যান্ডকে আজ স্বপ্নের শুরু এনে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডরা। স্কোরবোর্ডে কোনো রান না তুলেই অ্যান্ডারসনের বলে জো রুটের হাতে ধরা পড়েন অ্যারন ফিঞ্চ। ওয়ার্নারও ফিঞ্চকে অনুসরণ করতে খুব একটা সময় নেননি। দলীয় ৩৩ রানের মাথায় ব্যক্তিগত ১২ রানেই সাজঘরে আশ্রয় নেন ডেভিড ওয়ার্নার। এরপর দলীয় ৪৬ রানে আউট হন জর্জ বেইলি। ৬০ রানে স্টিভেন স্মিথের (৪০) ফেরা বিরাট ধাক্কা হয়েই আসে অস্ট্রেলিয়ার জন্য। ইংলিশদের আকাশে উড়ন্ত অবস্থাতে রেখেই ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার বিষয়টি প্রমাণ করেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। পঞ্চম উইকেট জুটিতে এই দুজন ১৪১ রান তুলে খাদের কিনারায় থাকা অস্ট্রেলিয়াকে ফিরিয়ে নিয়ে আসেন লড়াইয়ে। ম্যাক্সওয়েল ৯৮ বলে ৯৫ রান করেন। মার্শ ৬৮ বলে করেন ৬০। ব্রডের বলে ম্যাক্সওয়েল সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে ম্যাক্সওয়েল ফেরেন জো বাটলারের হাতে ধরা পড়ে। মার্শ রানআউট হন অ্যান্ডারসন-বাটলারের যৌথ প্রয়াসে।
চার উইকেটে ৬০ থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহকে ২১৭ /৬-এ নিয়ে আসেন ম্যাক্সওয়েল ও মার্শ। তবে ইংল্যান্ডের ভাগ্য বিপর্যয়ের শেষটা হয় জেমস ফকনারের হাতেই। মাত্র ২৪ বলে ফকনার ৫০ রানে অপরাজিত থাকলে অস্ট্রেলিয়ার সংগ্রহ উঠে যায় অন্য উচ্চতায়।
ইংল্যান্ডের সেরা দুই বোলার ছিলেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। অ্যান্ডারসন ২ উইকেট নেন ৩৮ রানের বিনিময়ে। ব্রডের ৩ উইকেট ৫৫ রানের খরচায়। স্টিভেন স্মিথ ও মঈন আলী—দুজনেই নিয়েছেন একটি করে উইকেট। সূত্র: এএফপি।