মোস্তাফিজের পর সাকিবের জোড়া আঘাত

টসে জিতেছেন কেন উইলিয়ামসন। কিন্তু প্রত্যাশা পূরণ হয়েছে মাশরাফি বিন মুর্তজারও।
হ্যাগলি ওভালের ব্যাটিং উইকেটের কথা চিন্তা করেই মাত্র ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। কিন্তু টসের পর বাংলাদেশ অধিনায়কও বলেছেন, যে আবহাওয়া আর ঠান্ডা, টসে জিতলে তিনিও আগে বোলিংই নিতেন। উইকেট ব্যাটসম্যানদের অনুকূলে হলেও কন্ডিশনের ফায়দা নিতে চাইত বাংলাদেশ।
টসে হেরেও যা চেয়েছে, তা–ই পেয়েছে বাংলাদেশ। দলের জন্য আরেকটি সুখবর, আজকের ম্যাচ দিয়েই গত মার্চের পর আবার মাঠে ফিরছেন মোস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ও ইনিংসের ষষ্ঠ ওভারে পেসে বিভ্রান্ত করে গাপটিলকে সৌম্যের ক্যাচ বানিয়ে প্রথম আঘাতও হেনেছেন। এরপর উইলিয়ামসন-ল্যাথামের জুটিটা ভোগাচ্ছিল। ১৫তম ওভারে উইলিয়ামসনকে (৩১) মুশফিকের ক্যাচ বানিয়ে জুটিটা ভেঙেছেন তাসকিন।
বেশ দেরিতে আক্রমণে এলেও নিজের চতুর্থ ওভারে ব্রুমকে (২২) ফেরান সাকিব আল হাসান। এরপর ষষ্ঠ ওভারে নিশমকেও (১২) এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন সাকিব। কিন্তু একপ্রান্তে কাঁটা হয়ে আছেন ওপেনার ল্যাথাম। ৬৫ রানে অপরাজিত আছেন তিনি। ২৯ ওভারে ৪ উইকেটে ১৫৮ তুলেছে নিউজিল্যান্ড।
চোট পাওয়ার আগে ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষেই শেষ ওয়ানডেটি খেলেছিলেন মোস্তাফিজ। প্রথম স্পেলে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট। ফেরাটা বেশ ভালোই হয়েছে এখন পর্যন্ত। তবে আলো দলের মূল ভরসা সাকিবের ওপরেই।
১৫ জনের দল থেকে বাইরে আছেন তানভীর হায়দার, রুবেল হোসেন, শুভাশিস রায় ও মেহেদী হাসান।