এক বছর পর ফিফটি করে সাজঘরে গেইল

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না। ওয়ানডে সর্বশেষ সেঞ্চুরি সেই এক বছর আগে। সেটা সর্বশেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংসও। জাতীয় দলের হয়ে খেলার তাগিদ নিয়ে বহুদিন ধরে শোনা প্রশ্নটাও উঁকিঝুঁকি মারছিল। অবশেষে ক্রিস গেইল যেন আজ স্বরূপে ফেরার প্রতিজ্ঞা করে নেমেছিলেন। এক বছর পর ওয়ানডেতে প্রথম ফিফটির দেখাও পেয়েছেন। শেষ পর্যন্ত ৩ চার, ৫ ছক্কায় ৬৭ বলে ৫৮ করে ফিরেছেন মাহমুদউল্লাহর শিকার হয়েছে।
মাহমুদউল্লার বলেই একবার ‘আউট’ হয়েও বেঁচে গেছেন রেফারেলের বদৌলতে। এরপর ব্যাটে ঝড়ের পূর্বাভাস দিচ্ছিলেন। ৫ ছক্কা তারই প্রমাণ। অবশ্য আরও বড় বিপদ হওয়ার আগেই গেইলকে ফেরাতে পেরেছে বাংলাদেশ। ২৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১০৫।
টসে জিতে বোলিং করতে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারে আল-আমিন উপড়ে ফেলেন কার্ক এডওয়ার্ডসের স্টাম্প। প্রথম ওয়ানডেতেও দুর্ধর্ষ শুরু করেছিলেন আল-আমিন। তাঁর আঘাতেই ওয়েস্ট ইন্ডিজ এক সময় ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই অবস্থা থেকে ম্যাচ বের করে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
আজ অবশ্য দ্রুত সঙ্গীকে হারালেও মাথা ঠান্ডা রেখেছিলেন গেইল। দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভোর সঙ্গে ৮৮ রানের জুটিও গড়েছেন। দ্বিতীয় উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রায় কুড়ি ওভার। গেইল ফিরলেও ৩৭ রানে ব্যাট করছেন ড্যারেন। সঙ্গে আছেন গত ম্যাচে দলকে খাদের কিনারা থেকে ফেরানোর দিনেশ রামদিন।