শুরুতেই একটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রিয় মাঠে শতক পূর্ণ করেছিলেন প্রথম দিনেই। অপরাজিত ছিলেন ১৪০ রানে। আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেও সাবলীলভাবেই ব্যাট করে যাচ্ছিলেন মাহেলা জয়াবর্ধনে। মনে হচ্ছিল, দ্বিশতকটা পূর্ণ করেই ফেলবেন। কিন্তু ততদূর যেতে পারলেন না শ্রীলঙ্কার এই অভিজ্ঞ ব্যাটসম্যান। রানআউটের ফাঁদে পড়ে ১৬৫ রানেই থামতে হয়েছে জয়াবর্ধনেকে।
আউট হওয়ার আগে অবশ্য দলকে ভালো অবস্থানে নিয়ে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন অভিষিক্ত নিরোশান ডিকভেলা। ষষ্ঠ উইকেটে জয়াবর্ধনে ও ডিকভেলার জুটি থেকে এসেছে ১০০ রান।
আলোটা জয়াবর্ধনের ওপর থাকলেও অভিষেক টেস্টেই দারুণ ব্যাট করে সবার নজর কেড়েছেন ডিকভেলা। ১১৬ বলে ৭২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মেরেছেন আটটি চার ও একটি ছয়।
মধ্যাহ্নবিরতির পর অবশ্য ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। ছয় ওভারের মধ্যেই শ্রীলঙ্কার শেষ চারটি উইকেট তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেটে ৪০৪ রান থেকে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে গেছে ৪২১ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতেই হারিয়েছে একটি উইকেট। দ্বিতীয় ওভারেই ওপেনার আলভিরো পিটারসেনকে সাজঘরমুখী করেছেন রঙ্গনা হেরাথ। এই প্রতিবেদন লেখার সময় এক উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩ রান।