হঠাৎ ওয়ারিক্যান-আমব্রিস জুটির চোখ রাঙানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুর আঘাত সাকিবেরই। ছবি: প্রথম আলো
শুরুর আঘাত সাকিবেরই। ছবি: প্রথম আলো
২০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ 

 ওয়েস্ট ইন্ডিজ ৭৫ রানে ৮ উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদের জয়টা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু জোমেল ওয়ারিক্যান আর সুনীল আমব্রিসের জুটি সে আশায় বাঁধ সেধেছে। ৬১ রানের জুটি গড়ে এই জুটি চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। আমব্রিস ৪১ আর ওয়ারিক্যান ৪০ রানে অপরাজিত আছেন। এই প্রতিবেদন লেখার সময় ক্যারিবীয়দের সংগ্রহ ৮ উইকেটে ১৩৬। জিততে আর ৬৮ রান লাগে তাদের।

২০৪ রানের লক্ষ্যমাত্রটা যে ওয়েস্ট ইন্ডিজের জন্য মোটেও সহজ হবে না, সেটি অনুমিতই ছিল। বাস্তবিকই সেটি সহজ হচ্ছে না। বাংলাদেশের দুই স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্যারিবীয় ব্যাটসম্যানদের ‘জীবন অতিষ্ঠ’ করে তুলেছেন। তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ৬৯ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। তাইজুল নিয়েছেন ৪ উইকেট, সাকিব ২টি। একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপর্যয়ের শুরুটা করেছেন কাইরন পাওয়েল। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে সাকিব আল হাসানের একটি বল বাইরে বেরিয়ে এসে মারতে গিয়েই গড়বড় করে ফেললেন। ব্যাট ফাঁকি দিয়ে বল যখন উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে, পাওয়েল তখন ক্রিজ ছেড়ে অনেক বাইরে। মুশফিকের পক্ষে পাওয়েলকে স্টাম্পিং করতে কোনো বেগই পেতে হয়নি।
পঞ্চম ওভারে সাকিবের বলেই ফিরেছেন শাই হোপ। এবারও সহায়ক ভূমিকায় মুশফিকুর রহিম। এবার অবশ্য ক্যাচ নিয়েছেন তিনি। দলীয় রান ১১ হতেই ২ উইকেট চলে যাওয়া ক্যারিবীয় দলের বিপদের শুরু যেন এখানেই। ১১ রানেই তাইজুলের বলে পরপর ফিরেছেন কার্লোস ব্রাফেট আর রোস্টন চেজ। দুটি এলবিডব্লু।

প্রথম ইনিংসের মতোই মারমুখী ছিলেন হেটমায়ার। ১৯ বলে তুলেছিলেন ২৭ রান। কিন্তু তাঁকে বেশিক্ষণ রাজত্ব করতে দেননি মেহেদী হাসান মিরাজ। নাঈম হাসানের ক্যাচে ফিরিয়েছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যানকে। ডওরিচকে এলবিডব্লু করেছেন তাইজুল। তাইজুলই বোল্ড করেছেন দেবেন্দ্র বিশুকে।