কিংস্টনে প্রথম টেস্টটা ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে হলে এই টেস্টে হার এড়াতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু ব্রিজটাউনে দ্বিতীয় টেস্টের শুরুটাও কাল ভালো হলো না ক্যারিবীয়দের। এই প্রতিবেদন লেখার সময়, টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য ক্যারিবীয়দের ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছিলেন রোস্টন চেজ। ৭০ রানে অপরাজিত ছিলেন তিনি।
দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আব্বাসকে সামলাতেই হিমশিম খাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ওভারে ক্রেগ ব্রাফেটকে (৯) ফিরিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ধাক্কাটা দেন আমির। পরের ওভারেই শিমরন হেটমায়ারকে (১) আজহার আলীর ক্যাচ বানিয়ে ফেরান আব্বাস। ক্যারিবীয়দের ভোগান্তিটা আরও বাড়িয়ে দেন আগের টেস্টে পাকিস্তানের জয়ের নায়ক ইয়াসির শাহ, নিজের চতুর্থ ওভারেই শাই হোপকে (৫) ফিরিয়ে দেন এই লেগ স্পিনার।
৩৭ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে এরপর ভরসা দেখাচ্ছিল কাইরন পাওয়েল ও চেজের ৬৫ রানের চতুর্থ উইকেট জুটি। কিন্তু আবারও দৃশ্যপটে দুই পাকিস্তানি পেসার। পাওয়েলকে (৩৮) আমির ফেরানোর কিছুক্ষণ পর বিশাল সিংকে (৩) ফেরান আব্বাস। ক্রিকইনফো।