মাহমুদউল্লাহর অর্ধশতক

শুরুতে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ের মধ্যেই ছিল বাংলাদেশ। ইমরুল কায়েস ও তামিম ইকবাল নিজেদের অফস্ট্যাম্প বুঝতে পারেননি। স্লিপে ক্যাচ তুলে দিয়ে ধরেছিলে সাজঘরের পথ। অকূল পাথারে দাঁড়িয়ে এর পর পাল্টা লড়াইটা জমিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার। নিজেদের মধ্যে ৮৬ রানের দুর্দান্ত এক জুটি গড়ে সামাল দিয়েছেন বিপর্যয়, প্রতি আক্রমণেও ইংলিশদের কপালে ফেলেছেন চিন্তার ভাঁজ। তৃতীয় উইকেট জুটির এই ৮৬ রান এসেছে ১৮ ওভারে, ওভারপ্রতি ৪.৭৩ হারে।

মাহমুদউল্লাহ-সৌম্যর পাল্টা আক্রমণের প্রতিরোধ ভেঙেছেন ক্রিস জর্ডান। দারুণ এক শর্টবলে সৌম্যকে বিভ্রান্ত করে উইকেটরক্ষক বাটলারের ক্যাচ বানিয়েছেন তাঁকে। সৌম্যর ব্যাট থেকে এসেছে ৪০ রান। সৌম্যর বিদায়ের পর বেশ দ্রুতই সাজঘরে ফিরেছেন সাকিব আল হাসান। মঈন আলীর বলে স্লিপে জো রুটকে ক্যাচ দিয়েছেন তিনি।
সাকিব ফিরে গেলেও উইকেটে এখনো আছেন মাহমুদউল্লাহ। স্কটল্যান্ড ম্যাচের পর আজও পেয়েছেন দারুণ এক অর্ধশতক। তিনি অপরাজিত ৬২ রানে।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২৭ ওভারে ৪ উইকেটে ১২৪।
জর্ডান ও মঈন আলীর একটি করে উইকেটের পাশাপাশি বাংলাদেশের অন্য দুটি উইকেট তুলে নিয়েছেন জেমস অ্যান্ডারসন।