কত দূর যাবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হতাশায় ডুবিয়ে ফিরলেন তামিম। ছবি: শামসুল হক, অস্ট্রেলিয়া থেকে
হতাশায় ডুবিয়ে ফিরলেন তামিম। ছবি: শামসুল হক, অস্ট্রেলিয়া থেকে

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলার স্বপ্ন থাকে সব ক্রিকেটারের। বাংলাদেশের খেলোয়াড়দের সে স্বপ্নটা আজ পূরণ হলো বটে। তবে এখনো পর্যন্ত এমসিজি​-অভিষেকটা স্মরণীয় করে রাখার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩৩২ রানের পাহাড় ঘাড়ে নিয়ে ব্যাট করতে নেমে শুরু​ থেকেই বিপর্যয়। ১০০ রান তুলতেই ৫ উইকেট পতন! দলকে কক্ষপথে ফেরাতে চেষ্টা চালাচ্ছেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। সর্বশেষ, বাংলাদেশের সংগ্রহ ৩৭ ওভারে ৬ উইকেটে ১৯১ রান।

স্কোর বোর্ডে কোনো রান না তুলেই সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। লাসিথ মালিঙ্গার নিরীহ বলেটার লাইন না বুঝে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন এ বাঁহাতি ওপেনার। তামিম ফিরে যাওয়ার পর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন এনামুল হক-সৌম্য সরকার। দুজনের দ্বিতীয় উইকেটে আসে ৪০ রান। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে সাঙ্গাকারার ক্যাচে পরিণত হওয়ার আগে সৌম্যর সংগ্রহ ১৫ বলে ২৫ রান। এরপর থিতু হওয়ার আগেই উইকেটে উপহার দিয়ে এসেছেন মুমিনুল হক। সুরঙ্গ লাকমলের বলে স্লিপে দাঁড়ানো মাহেলা জয়াবর্ধনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে মুমিনুলের সংগ্রহ মাত্র ১ রান।
বাংলাদেশের মতো লঙ্কান ফিল্ডারদের হাতও আজ যথেষ্ট পিচ্ছিল! দুই-দুইবার ক্যাচ হাতছাড়া হওয়ার পরও ইনিংসটা দীর্ঘ করতে পারেননি এনামুল। ৪৩ বলে ২৯ রান করে ফিরেছেন রান আউটে কাটা পড়ে। ২৮ রান করে থিসারার পেরেরার বলে দলকে আরও বিপদে ফেলে সাজঘরের পথ ধরেন মাহমুদল্লাহ। দলের এমনতর বিপর্যয়ে হাল ধরেন সাকিব-মুশফিক। জুটিটা বেশ জমেই উঠেছিল। কিন্তু গতিটা ধরে রাখা যায়নি। দিলশানের বলে লং-অনে মালিঙ্গার হাতে ধরা পরার পর সাকিবের সংগ্রহ ৪৬ রান। দুজনের ষষ্ঠ উইকেটে এসেছে ৬৪ রান। সপ্তম উইকেটে সাব্বিরকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মুশফিক। অবিচ্ছিন্ন এ জুটিতে এসেছে ২৭ রান।