ওয়ালারে হঠাৎ বিপর্যয় বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ইনিংসে ২০ রানেই ফিরলেন তামিম ইকবাল ছবি: শামসুল হক
দ্বিতীয় ইনিংসে ২০ রানেই ফিরলেন তামিম ইকবাল ছবি: শামসুল হক

ম্যালকম ওয়ালার বল করেন অনেকটা সুনীল নারাইনের ভ​ঙ্গিতে। ক্যারিবীয় অফ স্পিনারের মতোই হেলে-দুলে এসে বল ছাড়েন ওয়ালার। ‘নারাইনের মতো’ কিন্তু ওয়ালার ‘নারাইন’ নন। বাংলাদেশের ব্যাটসম্যানরা তাঁকে হঠাৎ​ই নারাইন মনে করে বিভ্রান্ত হলেন কিনা বোঝা গেল না। তবে এই ফাঁকে সর্বনাশটা কিন্তু ঠিকই করে দিয়েছেন ওই ওয়ালার। পরপর দুই বলে দলের দুই সেরা ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশকে ফেলে দিয়েছেন বিপর্যয়ের মুখে।
তাঁর পরপর দুই বলে আউট সাকিব ও মুশফিক। তামিমের মতোই নিজের প্রথম ইনিংসের ফর্ম দ্বিতীয় ইনিংসে টেনে নিয়ে আসতে পারলেন না সাকিব। মাত্র ৬ রানেই ওয়ালারের বলে এলবি’র শিকার তিনি। আম্পায়ার আলীম দা’রের সিদ্ধান্ত নিয়ে সংশয় ছিল। হয়েছিলেন ডিআরএসের দ্বারস্থ। হক-আইয়েই ধরা পড়েন তিনি। আলীম দা’র সিদ্ধান্তটা মন্দ নেননি।
সাকিবের বিদায়ের পরের বলেই ফিরে গেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়ালারের হঠাৎ​ লাফিয়ে ওঠা এক বলে দ্রুত ব্যাট পেতে দেওয়ার খেসারত দিয়েছেন তিনি মাথার ওপরে লোপ্পা ক্যাচ তুলে দিয়ে। কয়েক কদম দৌড়ে এসে খুব সহজেই ক্যাচটা লুফে নেন উইকেটরক্ষক চাকাভা।
মুমিনুলের ব্যাট নির্ভরতা জোগাচ্ছিল বাংলাদেশকে। তবে নিজের পঞ্চাশটিকে বড় না করতে পারার দোষে দুষ্ট এই বাঁ হাতি। ৫৪ রানেই চাকাভার ক্যাচের শিকার তিনি। তাঁর উইকেটটা নিজের করে নিয়েছেন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের ‘সেরা শিকারি’ ম্যালকম ওয়ালার।

এই প্রতিবেদন লেখার সময় জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ তৈরি করেছে ২৩২ রানের ব্যবধান। স্কোরবোর্ডে সংগ্রহ লেখা হয়েছে ৫ উইকেটে ১৬৭। মুমিনুলের পর ব্যাটিংয়ে নির্ভরতার প্রতীক হয়ে আছেন মাহমুদউল্লাহ। তাঁর সংগ্রহ ৪৫। শুভাগত হোম ৮ রানে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহর চ্যালেঞ্জকে।
সকালে ৬৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৮ রানে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। তামিম ফিরে যান ব্যক্তিগত ২০ রানে। শামসুর রহমান ব্যক্তিগ ২৩ রানে ফেরেন ডিআরএসের শিকার হয়ে। ওয়ালারের বলে তাঁর ব্যাটে চুমু দিয়ে বল চলে যায় স্লিপে দাঁড়ানো জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরের হাতে।
ফিরে যাওয়ার আগে শামসুর রহমানের সঙ্গে মুমিনুলের ৪৭ রানের একটা সম্ভাবনাময় জুটি দেখেছিল দর্শকেরা। তবে মুমিনুলের সঙ্গে মাহমুদউল্লাহর ৫৬ রানের জুটিটিই ছিল বেশি কার্যকর। মুমিনুল ফিফটি করেই সাজঘরে ফিরে সেই কার্যকর জুটির অপমৃত্যু ঘটিয়েছেন। মাহমুদউল্লাহ ও শুভাগত’র জুটিটি অবিচ্ছিন্ন থেকে এখনো পর্যন্ত সংগ্রহ করেছে ২২ রান।