বাংলাদেশের ইনিংসে তিন ম-এর মৌতাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিক–মাহমুদউল্লাহর সেই জুটি। প্রথম আলো
মুশফিক–মাহমুদউল্লাহর সেই জুটি। প্রথম আলো

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরতেই বিপর্যয়। এরপর মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহর দৃঢ়তা ও শেষ দিকে মাশরাফি বিন মুর্তজার ঝড়ে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৫৬ রান।
৩২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর দলকে কক্ষপথে ফেরান মুশফিক-মাহমুদউল্লাহর পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে আসে ১৩৪ রান। মিরপুরে পঞ্চম উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান। মুশফিক তুলে নেন ক্যারিয়ারের ১৮তম ফিফটি আর মাহমুদউল্লাহ ১০ম। কামুনগোজির বলে ফেরার আগে বাংলাদেশ দলের উইকেটরক্ষকের সংগ্রহ ৭৭ রান। মুশফিক ফিরে গেলে অষ্টম উইকেটে মাহমুদউল্লাহ-মাশরাফির জুটিতে তোলা ৪৮ বলে ৬৫ রানে ভালো পুঁজি পায় স্বাগতিকেরা। অষ্টম উইকেট জুটিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। মাদজিভার বলে ফেরার আগে মাশরাফি ২৫ বলে করেন ৩৯ রান। ৮২ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ, মুশফিক আর মাশরাফি-তিন ম-এর সুবাদেই ৪-০-র স্বপ্ন দেখতে পারছে বাংলাদেশ।
শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ৭৯ রান আর শেষ ছয় ওভারে ৫৯ রান। দুটি পাওয়ার প্লে তেমন কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে উঠেছে মাত্র ৩০ রান, হারিয়েছে ১ উইকেট। দ্বিতীয় পাওয়ার প্লেতে ২১ রান, হারিয়েছে ২ উইকেট। শুরুতে বাংলাদেশের রানের চাকা ধীরগতিতে ঘুরলেও পরে তা বাড়ে মুশফিক-মাহমুদউল্লাহর দৃঢ়তায়। প্রথম ১৫ ওভার পর্যন্ত বাংলাদেশের রানরেট ছিল তিনের নিচে। রানরেট চারের ওপর যায় ৩১ ওভারের পর। প্রথম ৫০ রান তুলতেই বাংলাদেশের খরচ হয় ৯৮ বল। বোঝাই যাচ্ছে, কতটা চাপে ছিল বাংলাদেশ।
১৪ রানে নেভিল মাদজিভার ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরেছেন এনামুল। গত ম্যাচে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি ফসকে ছিল এনামুলের। আজ এই ডানহাতি ওপেনার করলেন ৫ রান। তামিম ফিরেছেন সলোমন মিরের বল তুলে মারতে গিয়ে। ফেরার আগে করলেন ১৬ রান। কিছুক্ষণ পর মাদজিভার বলে ফিরেছেন ইমরুল কায়েসও। ফেরার আগে তাঁর সংগ্রহ ৫ রান। মিরের বলে সাকিব আল হাসান ফিরেছেন মাত্র ১ রানে।