স্রোতের বিরুদ্ধে সাঙ্গাকারার লড়াই

কুশল পেরেরা ও তিলকরত্নে দিলশানকে হারিয়ে শুরুর যে বিপর্যয়, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন কুমার সাঙ্গাকারা। লাহিরু থিরিমান্নেকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেট-জুটিতে ৬৫ রান তুলে দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কিন্তু প্রোটিয়া ‘লেগি’ ইমরান তাহিরের জোড়া আঘাত ঘুরে দাঁড়ানোর পথটাকে করে দিয়েছে অনেক বেশি কঠিন, বন্ধুর। এই প্রতিবেদন লেখার সময় লঙ্কানদের সংগ্রহ ছিল ২৯তম ওভার শেষে ৪ উইকেটে ১০০ রান। কুশল ও দিলশানের পর ইমরান তাহিরের আঘাতে সাজঘরের পথ ধরতে হয়েছে লাহিরু থিরিমান্নে ও মাহেলা জয়াবর্ধনেকে। সাঙ্গাকারা অপরাজিত আছেন ২৫ রানে। এই রান করতে ইতিমধ্যেই ৭১টি বল খেলে ফেলেছেন তিনি।
সিডনির কোয়ার্টার ফাইনালে আজ দারুণ উজ্জীবিত দক্ষিণ আফ্রিকাকেই চোখে পড়ছে। শরীরী ভাষায় খেলোয়াড়দের মধ্যে যেন ফুটে উঠছে দলটির দৃঢ় প্রতিজ্ঞাই। ‘অনেক না পাওয়া’ যে দলটির চিরসঙ্গী, তারা কী আজ ঘুরে দাঁড়াতে পারবে? বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ‘নক আউট’ ম্যাচ জিতে তারা কী পারবে নতুন ইতিহাস রচনা করতে?
এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার ইমরান তাহির। থিরিমান্নেকে কট অ্যান্ড বোল্ড করার পর জয়াবর্ধনেকে তিনি ফেরত পাঠিয়েছেন ফ্যাফ ডু প্লেসির ক্যাচ বানিয়ে।
এর আগে কৌশল পেরেরা সাজঘরের পথ ধরেন অ্যাবটের আউট সুইঙ্গারে, উইকেটরক্ষক কুইন্টন ডি ককের দুর্দান্ত এক ডাইভিং ক্যাচ হয়ে। দিলশানের ক্যাচটি স্টেইনের বলে দ্বিতীয় স্লিপে ধরেন ডু প্লেসি।