শুরুতেই বিপাকে বাংলাদেশ

আম্পায়ারের সিদ্ধান্তটা পছন্দ হয়নি মুশফিকুর রহিমের। রিভিউ নিয়ে নিলেন চটজলদি। কিন্তু তাতেও লাভ হলো না। প্রথম বলেই এলবিডব্লু হয়ে ফিরেছেন মুশফিক। বাংলাদেশের সর্বনাশটাও বোধ হয় লেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে। ২৮০ তাড়া করতে নেমে ১১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
শুরুটা হয়েছে তামিম ইকবালকে দিয়ে। ইনিংসের চতুর্থ বলেই সুযোগ দিয়েছিলেন। তবে তাঁর সে শট উইকেটকিপার ও প্রথম স্লিপের মাঝ দিয়ে চলে গেছে। উইকেট হারানোর বদলে চার রান পেল বাংলাদেশ। শেষ বলে আর ভাগ্য পক্ষে থাকল না। নুয়ান কুলাসেকারার বলটা লেগ সাইডে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন তামিম। ফিরতি ক্যাচটা লুফে নিতে ভুল করেননি কুলাসেকারা। তবে উদ্যাপনের সময় বলটা হাত থেকে পড়ে যাওয়ায় সেটা নিয়ে কিছুক্ষণ নাটক হলেও শেষ পর্যন্ত ফিরতেই হয়েছে বাংলাদেশি ওপেনারকে।
সাব্বির রহমানও ফিরেছেন কুলাসেকারার বলে। তৃতীয় ওভারের শেষ বলটা ছিল অফ স্টাম্পের অনেক বাইরে, বলটা ঠিকভাবে ব্যাটে লাগাতে পারেননি। যে বলে চার বা ছক্কা হওয়ার কথা, সেটায় উইকেট দিয়েছেন সাব্বির। ১০ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। আর মুশফিক ফিরেছেন ২ বল পরেই। বাংলাদেশের জয় তখনো ২৭০ রান দূরে।
সৌম্য সরকার ও সাকিব আল হাসান এখন ইনিংস গড়ায় মন দিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১৭ রান।