আর তিন উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

এক উইকেটের অপেক্ষা ঘুচেছে। এখন অপেক্ষা তিন উইকেটের!
চা বিরতিতেই ৫ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। আর একটা উইকেট নিতে পারলে বেরিয়ে পড়ত শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের লেজ। সেই উইকেট এনে দিয়েছেন সাকিব আল হাসান। মোস্তাফিজ এরপর দ্রুত ফিরিয়েছেন পেরেরাকেও। একপাশে ৬৭ রানে অপরাজিত দিনেশ চান্ডিমাল কাঁটা হয়ে থাকলেও অন্য প্রান্তে থাকবে শুধু টেল এন্ডাররা। মোস্তাফিজের বলে নাচন-কুঁদন চলছে রঙ্গনা হেরাথের। ১৯৭ রানে ৭ উইকেট নেই। দিনে আরও ২৩ ওভারের মতো খেলা বাকি। প্রথম দিনেই লঙ্কানদের অলআউট করে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ।
দিনের প্রথম সেশনে ৭০ রানে ৪ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা ও আসেলা গুনারত্নে ফিরেছেন সাজঘরে। লঙ্কানদের জন্য সকালে বিপদের কারণ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট নিয়েছিলেন তিনি। বাকি দুই উইকেটের একটি মোস্তাফিজুর রহমানের, অন্যটি শুভাশিস রায়ের।
শ্রীলঙ্কাকে টেনে তোলে চান্ডিমাল-ডি সিলভার পঞ্চম উইকেট জুটি। ৬৬ রান করে এই জুটি যখনই বিপদের আভাস দিচ্ছিল, ধনঞ্জয় ডি সিলভাকে বোল্ড করে স্বস্তি ফেরান তাইজুল। ৩৪ রান করা ধনঞ্জয় অবশ্য নিজেকেই দুষবেন উইকেট বিলিয়ে দিয়ে আসায়। দ্বিতীয় সেশনে এই একটি উইকেট ম্যাচে ফিরিয়ে আনছিল শ্রীলঙ্কাকে।
চা বিরতির পর সাকিবকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ডিকভেলা (৩৪)। ৪৪ রানের জুটিটাও ভাঙে। এরপর মোস্তাফিজ আবারও স্লিপে উইকেট পান। এবার পেরেরা চালিয়ে খেলতে গিয়ে ধরা পড়েন সৌম্যের হাতে।
দুটি বাজে বলে উইকেট পেয়েছেন মোস্তাফিজ। দুর্দান্ত চোখ ধাঁধানো ডেলিভারিগুলোতেই উইকেট পাননি। দুইয়ের নিচে ইকোনমি বলছে সে কথাই। মোস্তাফিজই দিনের শুরু থেকে চাপটা তৈরি করেছিলেন। যার সুফল পেয়েছে বাংলাদেশ। এখনো রাশ বাংলাদেশের হাতে। লাগামটা টেনে ধরে শ্রীলঙ্কার শেষ তিন উইকেট দ্রুত তুলে নেওয়ার অপেক্ষা।