উইকেটে জমে গেছেন ওয়ার্নার-হ্যান্ডসকম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় জুটি গড়েছেন ওয়ার্নার-হ্যান্ডসকম্ব। ছবি : শামসুল হক
বড় জুটি গড়েছেন ওয়ার্নার-হ্যান্ডসকম্ব। ছবি : শামসুল হক

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই মুশফিকুর রহিম দুর্দান্ত এক ক্যাচে ফিরিয়েছিলেন ম্যাট রেনশকে। কিন্তু দিন শেষে সেই মুশফিকই এক বড় আক্ষেপের নাম। মেহেদী হাসান মিরাজের নিচু হয়ে যাওয়া বলটি ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে ডেভিড ওয়ার্নার যখন পুরোপুরিই পরাস্ত, ঠিক সেই সময় উইকেটের পেছনে দাঁড়িয়ে বলটি গ্লাভসে জমিয়ে স্টাম্প ভাঙতে ব্যর্থ হলেন বাংলাদেশের অধিনায়ক। ওয়ার্নার বোধ হয় নিজের চোখও বিশ্বাস করতে পারছিলেন না। কীভাবে বেঁচে গেলেন তিনি!
মুশফিকের স্টাম্পিং মিসের আগেও একবার বেঁচে গেছেন ওয়ার্নার। সেটি ছিল তাইজুল ইসলামের বলে। তাঁর ব্যাট ছুঁয়ে যাওয়া বলটিতে শর্ট লেগে দাঁড়িয়ে ক্যাচ নিতে পারেননি মুমিনুল হক। সে সময় মাত্রই নিজের ২৫তম টেস্ট-ফিফটি পেরিয়েছেন অস্ট্রেলীয় ওপেনার। এই দুই ভুলের মাশুল কড়ায়-গণ্ডায়ই দিচ্ছে বাংলাদেশ। পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে রীতিমতো জমে গেছেন। গড়েছেন ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটি। ১৭০ বলে ৮৮ রান করে অপরাজিত ওয়ার্নার। হ্যান্ডসকম্বও কম যান না। তিনি অপরাজিত ৬৯ রানে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ২২৫। বাংলাদেশ এখনো এগিয়ে আছে ৮০ রানে।

স্মিথকে ফেরানোর পর তাইজুলকে ঘিরে সতীর্থরা ছবি : শামসুল হক
স্মিথকে ফেরানোর পর তাইজুলকে ঘিরে সতীর্থরা ছবি : শামসুল হক

বাংলাদেশের ৩০৫ রানের জবাবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ৫ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন রেনশ। শুরুতেই উইকেট তুলে নিয়ে বাংলাদেশ যখন উজ্জীবিত, দেয়াল হয়ে দাঁড়ালেন ওয়ার্নার আর স্মিথ। ঠান্ডা মাথায় গড়লেন ৯৩ রানের জুটি। স্মিথ ৫৮ রানের ইনিংস খেলে ফেরেন তাইজুলের বলে বোল্ড হয়ে। স্মিথের ফেরায় বাংলাদেশ তখন ঘুরে দাঁড়াবার স্বপ্নে বিভোর, হ্যান্ডসকম্ব আর ওয়ার্নার দাঁড়িয়ে পড়লেন দৃঢ়তার সঙ্গে। কাল দ্রুত এই জুটি ভাঙার ওপরই নির্ভর করছে এই টেস্টে বাংলাদেশের ভবিষ্যৎ। তবে চট্টগ্রামে গতকাল প্রথম দিন শেষে দুই দলই যেমন টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি করেছিল, আজ সেটি হচ্ছে না। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া নিশ্চিতই বসে আছে চালকের আসনে।