চাপটা বাংলাদেশকে ফিরিয়ে দিল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতেই রোহিত শর্মাকে ফেরালেন রুবেল হোসেন। ছবি: রয়টার্স
শুরুতেই রোহিত শর্মাকে ফেরালেন রুবেল হোসেন। ছবি: রয়টার্স


টসে জিতে ফিল্ডিংয়ে নেমে ভারতকে ভালোই চাপে ফেলেছিল বাংলাদেশ। রুবেল হোসেনের করা প্রথম ওভারের প্রথম বলেই প্লেড অন হয়ে ফেরেন রোহিত শর্মা। মোস্তাফিজুর রহমান একইভাবে ফেরান অজিঙ্কা রাহানেকে। ২১ রানে ২ উইকেট হারিয়ে ওভালের প্রস্তুতি ম্যাচে ভারতকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু রাশটা টেনে ধরতে পারেনি। এখন বাংলাদেশই উল্টো চাপে। মাত্রই কেদার যাদব ফিরলেও বড় সংগ্রহের দিকে ভারত। ৩২.৫ ওভার শেষে ৪ উইকেটে ১৯৬ রান তুলেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। ৮৮ রানে অপরাজিত দিনেশ কার্তিক।

কার্তিকই ম্যাচে ফিরিয়েছেন ভারতকে। তৃতীয় উইকেট-জুটিতে ধাওয়ান-কার্তিক যোগ করেছেন ১০০ রান। ৯৯ বলের এই জুটি নিজেদের ওপর চাপটা উল্টো ঠেলে দিয়েছে বাংলাদেশের দিকেই। ধাওয়ান ৬৭ বলে ৬০ রান করে আউট হন। সানজামুলের বলে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে। ধাওয়ানের বিদায়ে অবশ্য সমস্যা হয়নি।
একদিকে দারুণ খেলছেন কার্তিক। শেষ মুহূর্তে চ্যাম্পিয়নস ট্রফির ভারতীয় দলে সুযোগ পাওয়া এই ব্যাটসম্যান সেঞ্চুরির দিকেই ছুটছেন। ধাওয়ান আউট হওয়ার পর উইকেটে আসা কেদার যাদবকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন। সানজামুলের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ৩১ রান করা কেদার।
সানজামুল ২ উইকেট পেলেও মোস্তাফিজ, রুবেল আর মিরাজও সমীহ আদায় করেছেন ভারতীয় ব্যাটসম্যানদের।