শুরুতেই 'পদপিষ্ট' নিরাপত্তা!
যেন রাজনৈতিক দলের মিছিল! সামনে ঢাকা ডায়নামাইটসের মালিক শায়ান এফ রহমান। পেছনে হাজার দেড়েক মানুষ। তারও পেছনে টিম বাস। ‘ঢাকা, ঢাকা’ স্লোগান দিয়ে সবাই ঢুকে পড়ল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেট দিয়ে। বিনা প্রতিরোধে, বিনা বাধায়। মানুষের ধাক্কাধাক্কিতে তাদের কাছে টিকিট বা অ্যাক্রিডিটেশন কার্ড আছে কি না তা দেখার সুযোগই ছিল না নিরাপত্তাকর্মীদের। ভিড়ের মধ্যে মানুষের পায়ের চাপায় পিষ্ট হলেন বেশ কয়েকজন। প্রথম দিনেই ‘পদদলিত’ তৃতীয় বিপিএলের শৃঙ্খলা ও নিরাপত্তা!
ঘটনাটা কাল ঘটেছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের প্রথম ম্যাচ চলার সময়। এই ম্যাচের পরই হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস-ঢাকা ডায়নামাইটস ম্যাচটি। তিনতলার হসপিটালিটি বক্সের বারান্দা থেকে ঘটনার সাক্ষী হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ও শৃঙ্খলা কমিটির প্রধান শেখ সোহেল। তাঁদের পাশে দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটা ভিডিও করলেন জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু বোর্ড কর্মকর্তারা ওপরতলায় দাঁড়িয়ে দেখলেন উচ্ছৃঙ্খল জনস্রোত ভাসিয়ে নিয়ে গেল পুলিশসহ অন্য নিরাপত্তাকর্মীদের!
এ ব্যাপারে জানতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন ধরেননি তিনি। সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বিসিবির নিরাপত্তা কমিটির সদস্যসচিব মোহাম্মদ আলীও, ‘তারা একটা র্যা লি নিয়ে এসেছে...র্যা লি তো ঢুকতে পারে।’ একই রকম ‘র্যা লি’ নিয়ে এলে অন্য দলগুলোকেও বিনা বাধায় ঢুকতে দেওয়া হবে কি না জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক অবশ্য বললেন, ‘আমরা কিন্তু টিকিট ছাড়া কাউকে গ্যালারিতে ঢুকতে দিইনি। যাদের টিকিট ছিল না তাদের বের করে দেওয়া হয়েছে।’ কিন্তু মিছিল নিয়ে এসে জোর করে গেট খুলে এভাবে কেউ বিনা বাধায় ঢুকতে পারে স্টেডিয়ামে? তাহলে আর নিরাপত্তার কথা বলে স্টেডিয়ামভর্তি এত নিরাপত্তাকর্মী রাখা কেন! মল্লিক এবার সতর্ক, ‘ব্যাপারটা শুনেছি। তবে তদন্ত না করে কিছু বলা সম্ভব নয়।’
তদন্ত করেও কিছু বলা যাবে? বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য পেশাজীবী হিসেবে যে প্রতিষ্ঠানের (বেক্সিমকো) সঙ্গে সম্পৃক্ত, ঢাকা ডায়নামাইটসের মালিক যে সেটির মালিকপক্ষ!