বোলাররা ভালো বল করা ভুলে গিয়েছিলেন, ব্যাটসম্যানরা ব্যাটিং। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং-বোলিং ভুলিয়েই দিয়েছিল পাকিস্তানিরা। ব্যাটে-বলে দুর্দান্ত খেলে অস্ট্রেলিয়াকে রীতিমতো নাকাল করে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তান। ২০ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্মৃতিটা টাটকা নিয়েই আজ আবার টেস্ট খেলতে নামছেন মিসবাহরা। এবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভেন্যু সেই আবুধাবি, যেখানে রেকর্ডের পসরা সাজিয়েই অস্ট্রেলিয়াকে হারিয়েছে পাকিস্তান।
জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ পাকিস্তানের সামনে। একই চ্যালেঞ্জ নিউজিল্যান্ডেরও। গত মৌসুমে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে হারানোর পর ফিরতি সফরেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে কিউইরা। টানা তিনটি টেস্ট সিরিজ জিতেই আমিরাতে এসেছে দলটি। তবে সমস্যা হলো নিউজিল্যান্ড সর্বশেষ টেস্ট খেলেছে সেই জুনে। তারপর আমিরাতে এই প্রথম টেস্ট খেলতে নামা নিউজিল্যান্ড প্রথম টেস্টে পাচ্ছে না রস টেলরের মতো ব্যাটসম্যানকে।
চোটের কারণে টেলর নেই, টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় থাকা ব্রেন্ডন ম্যাককালামকে এখন ভাবতে হচ্ছে মিডল অর্ডার নিয়েও। তবে কেন উইলিয়ামসনের ফেরাটা স্বস্তিই দিচ্ছে কিউই অধিনায়ককে। স্পিনটা যে ভালোই খেলেন এই ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। এই স্পিন সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের। জুলফিকার বাবর ও ইয়াসির শাহর ফ্লাইট ও লাইন ঠিকঠাক পড়তে না পারলেই বিপদ।
অন্যদিকে নিউজিল্যান্ডের দুই স্পিনার মার্ক ক্রেগ ও ইশ সোধি পাকিস্তানি ব্যাটসম্যানদের কতটা পরীক্ষা নিতে পারেন সেটিও দেখার বিষয়। অস্ট্রেলিয়া সিরিজে ইউনুস-মিসবাহ-আজহার-সরফরাজদের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়ার বোলাররা।
পাকিস্তান আজ খেলতে নামছে সর্বশেষ টেস্টের একাদশ নিয়েই। সাফল্যের ধারা ধরে রাখতে চান অধিনায়ক মিসবাহ, ‘আমি আত্মবিশ্বাসী নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা ভালো ক্রিকেট খেলব। ব্যাটসম্যানরা ফর্মে আছে, বোলাররাও ভালো করছে। তা ছাড়া কন্ডিশনও তো সেই একই আছে।’ এএফপি, রয়টার্স।
পাকিস্তানের জন্য র্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান ধরে রাখার সিরিজও এটি। সিরিজ জিতলে তিনেই থাকবে তারা। তবে ড্র করলে কিংবা সিরিজ হারলে চার-পাঁচ এমনকি ছয়েও নেমে যেতে পারে পাকিস্তান।