
অস্ট্রেলিয়া ২-১ পাকিস্তান!
এ স্কোরলাইন নিয়ে আজ শুরু হচ্ছে ব্রিসবেন টেস্ট। এ ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তিন টেস্টের সিরিজ। প্রশ্ন জাগতেই পারে, সিরিজ শুরু হওয়ার আগেই এমন স্কোরলাইন! সিরিজের মাঝপথ হলেও না হয় বলা যেত সিরিজে কে এগিয়ে, কে পিছিয়ে। তবু আজ অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানেই এগিয়ে আছে।
একটু খুলেই বলা যাক। ব্রিসবেনে আজকের ম্যাচটি গোলাপি বলের। ফ্লাডলাইটের আলোয় ইতিহাসের চতুর্থ টেস্ট এটি। এর আগে দুটি ম্যাচ হয়েছে অ্যাডিলেডে, দুই ম্যাচেই জয়ী অস্ট্রেলিয়া। অন্য ম্যাচটি হয়েছে দুবাইয়ে, সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তান। দিবারাত্রির টেস্ট অভিজ্ঞতা ও জয়ের সংখ্যায় এভাবেই এগিয়ে স্বাগতিক দল।
শুধু দিবারাত্রি নয়, ম্যাচটা যখন সাদা পোশাকে, ভেন্যুটা যখন ব্রিসবেন আর প্রতিপক্ষ পাকিস্তান; এমনিতেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ায় যে টেস্টই জিততে পারেনি পাকিস্তান। গত তিনটি সিরিজেই হয়েছে ধবলধোলাই। মিসবাহ-উল-হক অবশ্য এতে দমছেন না। সাম্প্রতিক সাফল্যের ধারায় অস্ট্রেলিয়া-বাধাটাও কাটাতে চান পাকিস্তান অধিনায়ক, ‘সম্প্রতি আমরা অবিশ্বাস্য সাফল্য পেয়েছি। এমন জয় আপনাকে আত্মবিশ্বাস দেবেই, অস্ট্রেলিয়ায় খেলা হলেও।’
পাকিস্তানের মূল অস্ত্র কিন্তু কোনো খেলোয়াড় নন, তাদের কোচ মিকি আর্থার! এই দক্ষিণ আফ্রিকান ২০১৩ সালে কিছুদিনের জন্য ছিলেন অস্ট্রেলিয়ার দায়িত্বে। মিসবাহ সে সুযোগের সদ্ব্যবহার করতে চান, ‘তিনি ওদের অধিকাংশ খেলোয়াড়কে চেনেন। প্রতিপক্ষের ভেতরের খবর কাজে লাগবে।’
তবে ইতিহাসের দিকে তাকালে অনুপ্রেরণা খোঁজা কঠিন পাকিস্তানের। অস্ট্রেলিয়ায় ৩২ ম্যাচ খেলে মাত্র ৪টি জয় দলটির। সিরিজটা শুরুও হচ্ছে ব্রিসবেন টেস্ট দিয়ে, যে ভেন্যুকে রীতিমতো দুর্গ বানিয়ে ফেলেছে স্বাগতিকেরা। এ মাঠে অস্ট্রেলিয়ার সর্বশেষ হার ১৯৮৮ সালে! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে হারের পর গত ২৭ টেস্টে গ্যাবার পিচে অস্ট্রেলিয়াকে কখনো হারতে হয়নি।
অপরাজিত থাকার রেকর্ডটি ২৮-এ নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করবে তারা। পাকিস্তানের বিপক্ষে তাই চার পেসারও দেখা যেতে পারে। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও জ্যাকসন বার্ডের সঙ্গী কে হতে পারেন, সেটা অবশ্য বলেননি স্টিভ স্মিথ। অফ স্পিনার নাথান লায়ন নাকি অভিষেকের অপেক্ষায় থাকা পেসার চ্যাড সেয়ার্স—এমন একটু রহস্য রেখে দিয়েছেন অধিনায়ক, ‘আরেকবার উইকেটটা একটু দেখতে হবে, ঘাস কতটুকু—এসব আর কী।’ এএফপি, ক্রিকেট অস্ট্রেলিয়া।