শুরুর আগে নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কোনো সিরিজের আগে কি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এমন আইন আদালত করতে হয়েছে?
অন্তত টাকাপয়সার ব্যাপার নিয়ে এমন দৌড়াদৌড়ি করতে হওয়ার কথা নয়। সে ক্ষেত্রে আজ রাজকোটে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে গতকাল নতুন এক অভিজ্ঞতাই হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডটির। নিজেদের তহবিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় দুপুর পর্যন্তও টেস্ট বাতিলের হুমকি দিচ্ছিল বিসিসিআই। তখন টেস্ট নিয়ে শঙ্কাও দেখা দিচ্ছিল। কিন্তু সবকিছুর সমাধান হয়ে গেল বিকেলের মধ্যে, আদালতেরই নির্দেশে।
কয়েক মাস ধরেই লোধা কমিটির নির্দেশনা পালন করা না-করা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে ঝামেলা চলছে। বিসিসিআইয়ে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে কিছু সংশোধনের সুপারিশ করেছিল কমিটি, যার ভিত্তিতে গত মাসে ভারতের সুপ্রিম কোর্ট কিছু নির্দেশনাও দিয়েছেন বিসিসিআইকে। যার মধ্যে একটি টেস্ট যেখানে হবে, সেখানকার রাজ্য বোর্ডকে টাকা দেওয়ার আগে আদালত নিয়োজিত একটি বিশেষ প্যানেলের কাছ থেকে অনুমতি নিতে হবে বিসিসিআইকে।
কাল দুপুর পর্যন্তও সেই কমিটির কাছ থেকে খরচ করার অনুমতি পায়নি ভারতীয় বোর্ড। তাই কালই সুপ্রিম কোর্টের কাছে অর্থ ছাড় দেওয়ার ব্যাপারে পিটিশন করে তারা। সেটির শুনানি শেষেই বিসিসিআইকে রাজকোট ম্যাচের জন্য প্রয়োজনীয় ৫৮ লাখ ৬৬ হাজার রুপি খরচ করার অনুমতি দিয়েছেন আদালত। শুধু এই ম্যাচই নয়, ৩ ডিসেম্বর পর্যন্ত পাঁচ টেস্টের এই সিরিজের যতগুলো ম্যাচ হবে, সবগুলোর জন্য সমপরিমাণ অর্থ খরচ করার অনুমতি পাচ্ছে বিসিসিআই। এএফপি, আইএএনএস।