এত দিন পরে এসে ডেভিড ওয়ার্নারের মনে হলো, ব্রেন্ডন ম্যাককালাম তখন ‘ভুল’ বলেছিলেন! দুই মাস আগের ঘটনা নিয়ে এত দিন পরে এসে তিনি ক্ষোভ ঝাড়লেন কিউই অধিনায়কের ওপর। নাকি এটাও অস্ট্রেলিয়ানদের চিরাচরিত মনস্তাত্ত্বিক খেলা? সিরিজ শুরুর আগেই প্রতিপক্ষকে কথার তিরে বিদ্ধ করার চেষ্টা!
ঘটনাটি গত সেপ্টেম্বরে লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডের। বেন স্টোকসের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট নিয়ে বেশ বিতর্ক জমে উঠেছিল। স্টোকস বলটা ইচ্ছাকৃতভাবে ঠেকিয়েছিলেন, নাকি নিজেকে রক্ষা করতে চেয়েছিলেন—এ নিয়েই শোরগোল। ওই সময়ই ইংলিশ ট্যাবলয়েড ডেইলি মেইল-এ নিউজিল্যান্ড অধিনায়ক লিখেছিলেন, ক্রিকেটীয় চেতনা ঊর্ধ্বে রেখে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের উচিত ছিল স্টোকসের আউটের আবেদনটা প্রত্যাহার করা। ম্যাককালামের মন্তব্য ছিল, ‘আবেদনটা প্রত্যাহার না করে স্মিথ অপরিণতের মতো কাজ করেছে। একসময় এটার জন্য সে অনুতপ্ত হবে।’
ওই সময় সাবেক ও বর্তমান অনেক অস্ট্রেলিয়ান খেলোয়াড়ই ম্যাককালামের সঙ্গে দ্বিমত জানান। কিন্তু ম্যাককালামের ওই মন্তব্যের জন্য যে অস্ট্রেলিয়ানদের ভেতরে একটা ক্ষোভও জমে ছিল, সেটা বোঝা গেল এত দিন পর। ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় কাল ভোরে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট সামনে রেখে পুরোনো সেই প্রসঙ্গটা টেনে আনলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ম্যাককালামের ওপর ক্ষোভ ঝেড়ে বললেন, ‘আমার মনে হয়, স্টিভকে (স্মিথ) নিয়ে ব্রেন্ডনের (ম্যাককালাম) কাছ থেকে এমন মন্তব্য আসা খুব দুঃখজনক। সে-ই তো অপরিণতের মতো কাজ করেছে। আমার মনে হয় না, একজন আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে অন্য একটা সিরিজ নিয়ে এভাবে কলাম লেখার দরকার ছিল। আমি একটা লেখা পড়ার পর আর ওর কথায় মনোযোগ দিইনি।’
শুধু ওই ঘটনাই নয়। ম্যাককালাম এবং তাঁর দল অবশ্য সব সময় ক্রিকেটীয় চেতনা ঊর্ধ্বে রাখায় বিশ্বাসী। সে জন্য স্লেজিংয়েরও বিপক্ষে তাঁরা। অন্যদিকে স্লেজিংটাকে তো অস্ট্রেলিয়ানরা খেলারই অংশ মনে করে। ওয়ার্নারের কথাতেও সেটা আরও একবার পরিষ্কার, ‘দিন শেষে কেউ তো আর ক্রিকেটীয় চেতনা ছড়িয়ে দেওয়ার পুরস্কার জেতার জন্য খেলে না। সিরিজ জেতার জন্য খেলে। আমাদের লক্ষ্যও সেটাই, এই সিরিজটা জেতা। আমরা চাই সব ধরনের ক্রিকেটে এক নম্বর দল হতে।’
আর সেই লক্ষ্য পূরণের জন্য যে অস্ট্রেলিয়া এবারও স্লেজিং করতে দ্বিধা করবে না, সেটিও জানিয়ে রাখলেন ওয়ার্নার। তবে সেটা সীমার মধ্যে রেখেই, ‘দিন শেষে আমরা চেষ্টা করি সীমা লঙ্ঘন না করতে। কয়েকবার অবশ্য আমরা সেই সীমারেখা ছুঁয়েছি।’
এমনিতেই অস্ট্রেলিয়ার মাটিতে গত ৩০ বছরে কোনো সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। সর্বশেষ জয়টা ১৯৮৫ সালে, রিচার্ড হ্যাডলি-মার্টিন ক্রোরা হারিয়েছিল অ্যালান বোর্ডারের দলকে। সিরিজের প্রথম টেস্টটি যেখানে, সেই গ্যাবায়ও গত ২৭ বছরে কোনো টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। সেই গ্যাবার দুর্গে লড়াইয়ের আগেই ওয়ার্নারের কাছ থেকে আসা এ রকম স্লেজিংয়ের হুমকি! পাল্টা জবাব দিতে তৈরি তো নিউজিল্যান্ড? ক্রিকইনফো।