শুরুর আগেই খেলা বাতিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট সিরিজ শুরুর আগের ছবিটাই আবার ফিরে এল সিরিজ শেষে! তখনো ট্রফি হাতে পোজ দিয়েছিলেন দুই অধিনায়ক। সিরিজ শেষেও তা-ই দিলেন। ড্র সিরিজে এমনই হয়। পার্থক্য হলো, এখানে সিরিজের ভাগ্যে ড্র লিখে দিয়েছে বৃষ্টি l শামসুল হক
টেস্ট সিরিজ শুরুর আগের ছবিটাই আবার ফিরে এল সিরিজ শেষে! তখনো ট্রফি হাতে পোজ দিয়েছিলেন দুই অধিনায়ক। সিরিজ শেষেও তা-ই দিলেন। ড্র সিরিজে এমনই হয়। পার্থক্য হলো, এখানে সিরিজের ভাগ্যে ড্র লিখে দিয়েছে বৃষ্টি l শামসুল হক

সকাল সাড়ে আটটার মধ্যে মাঠে চলে এল দুই দল। পরশু দুপুর থেকে বৃষ্টি নেই। বিকেলে তো রোদই উঠল সেদিন। কালও সকাল থেকে আকাশ ঝলমলে। এমন দিনে তো খেলা হবেই।
কিন্তু সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা দুই দলকে বিস্ময়ের সাগরে ভাসিয়ে শেষ দিনের খেলাও বাতিল করে দিলেন দুই আম্পায়ার পল রাইফেল আর রিচার্ড ক্যাটেলবরো। চট্টগ্রামের পর ঢাকা টেস্টের ফলাফলও তাই শেষ পর্যন্ত ড্র, ড্র হলো দুই টেস্টের সিরিজও। পার্থক্য শুধু চট্টগ্রাম টেস্টে খেলা হয়েছিল প্রথম তিন দিন, আর ঢাকায় প্রথম দিনের পর আর খেলা শুরুই হয়নি।
আগের দিন যে কারণে পাঁচ ঘণ্টা বাকি থাকতে খেলা বাতিল করে দেওয়া হয়েছিল, কালও সে কারণেই খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়াররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আউটফিল্ডের কিছু কিছু জায়গা খেলার অনুপযোগী মনে হয়েছে তাঁদের কাছে। মাটি ভেজা ও নরম থাকায় ফিল্ডারদের জন্য ঝুঁকি থাকত। তা ছাড়া ওই সব জায়গা শুকাতেও নাকি তিন-চার ঘণ্টা সময় লাগত। মাঝে তিন দিন খেলা না হওয়ায় টেস্টের ভাগ্যে যেহেতু ড্র লেখাই হয়ে গেছে, শেষ দিনে আর অপেক্ষার যুক্তি খুঁজে পাননি আম্পায়াররা।
এই মাঠের কিউরেটর গামিনি ডি সিলভা আগের দিন বলেছিলেন, সেদিন রাতে বা পরদিন সকালে বৃষ্টি হলে শেষ দিনও খেলা সম্ভব হবে না। তবে নতুন করে আর বৃষ্টি হতে হলো না। পরশু দুপুর পর্যন্ত বৃষ্টিতেই বাতিল শেষ দিনের খেলা।
সকালে গা গরম করতে নামার আগে খবরটা জেনে একটু ধাক্কাই খেয়েছেন দুই দলের ক্রিকেটাররা। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের ভাষায়, ‘এটা আম্পায়ার, ম্যাচ রেফারি বা ম্যাচ অফিশিয়াল যাঁরা থাকেন, তাঁদের সিদ্ধান্ত। দুই দলের কাউকে জিজ্ঞেসও করা হয়নি। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা, এর আগে কখনো এমন পরিস্থিতিতে পড়িনি।’ পরে অবশ্য বাস্তবতা মেনে নিয়েছে দুই দলই। খেলা হলেও কতটুকুই বা হতো, তাতে কী-ই বা হতো! ‘খেলা হলে আমাদের জন্য ভালো হতো’ বলেও মুশফিক তাই মেনে নিলেন বাস্তবতাটা।
ওয়ানডে সিরিজ হারার পর টেস্টে ভালো কিছুর আশায় ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেখানেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ানোয় দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হাশিম আমলার হতাশাটা অনুমান করাই যায়। সঙ্গে আছে একটা বিস্ময়ও, ‘টানা তিন দিন এ রকম বৃষ্টি হলে কিছুই করার থাকে না। তবে এখানকার পানিনিষ্কাশনব্যবস্থা দেখে আমরা অবাক হয়েছি। এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল। দক্ষিণ আফ্রিকায় টানা তিন দিন বৃষ্টি হলে তো মাঠই পানিতে তলিয়ে যেত! খেলা বাতিল হয়ে যেত গতকালই (পরশু)।’