শুরুর দিনটি মোসাদ্দেক-সানির

ম্যাচ শেষে মোসাদ্দেক হোসেনের কথায় গ্রীষ্মের খরতাপ, ‘গরমে একেবারে কাহিল!’ যদিও ২২ গজে গা পুড়িয়ে দেওয়া গরমকে পাত্তাই দেননি। মোসাদ্দেকের অসাধারণ সেঞ্চুরিতে কাল ফতুল্লায় খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ৫ উইকেট হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। অন্য দুই ম্যাচে জিতেছে প্রাইম দোলেশ্বর ও লিজেন্ডস অব রূপগঞ্জ।
প্রথম বিভাগ ক্রিকেট থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া খেলাঘরের দেওয়া ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোরবোর্ডে ১ রান জমা হতেই ডলার মাহমুদের বলে বোল্ড আবাহনীর ওপেনার সাইফ হাসান (০)! দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন-সাদমান ইসলামের ৮১ রানের জুটিই পথ দেখায় দলকে। ৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফের চাপে পড়া আবাহনী পরে জয়ের সুবাস পেয়েছে চতুর্থ উইকেটে মোসাদ্দেক-মাহমুদউল্লাহর ১২৭ রানের জুটির সৌজন্যে। সাদেকুর রহমানের বলে আউট হয়ে যান মাহমুদউল্লাহ (৫৯)। পঞ্চম উইকেটে মোসাদ্দেক-মোহাম্মদ মিঠুনের ৪৯ বলে ৮১ রানের জুটিই নিশ্চিত করেছে আবাহনীর জয়। শেষ পর্যন্ত জিতেছে তারা ১৫ বল বাকি থাকতে।

কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে ৭৫ রানের নির্ভীক এক ইনিংস খেলা মোসাদ্দেক কাল ছিলেন দারুণ উজ্জ্বল! ৫১ বলে পেয়েছেন ফিফটি, সেঞ্চুরি ৭৯ বলে। আরিফুল ইসলামের বলে রেজাউল করিমের ক্যাচ হয়ে যখন ফিরলেন (৮৫ বলে ১১০ রান), দল পৌঁছে গেছে জয়ের দুয়ারে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১২ চার আর ২ ছয়ে। দুটি ছক্কাই মেরেছেন নাজমুস সাদাতের পরপর দুই বলে।
খেলাঘরও উইকেট হারায় শুরুতেই। দলের ৩ রানে ওপেনার সালাউদ্দিনকে হারিয়েও তারা ২৯৩ রান পায় দ্বিতীয় উইকেটে রবিউল ইসলাম-নাফিস ইকবালের ১৩৩ বলে গড়া ১৪৯ রানের জুটিতে। সাইফউদ্দিনের শিকার হওয়ার আগে জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস করেছেন ৬৮ বলে ৭৮ রান। সাকলাইন সজীবের বলে সাইফ হাসানের ক্যাচ হওয়ার আগে তাঁর সঙ্গী রবিউলের রান ৭৪। দুজনেরই চেষ্টা শেষমেশ বিফলে গেছে মোসাদ্দেকের দুর্দান্ত ইনিংসটির কাছে!
যখন ব্যাটিংয়ে নেমেছিলেন, দল ৩ উইকেট হারিয়ে বেশ চাপে। তবে চাপের মুখে এমন একটি ইনিংস খেলে তৃপ্ত মোসাদ্দেক, ‘এমন পরিস্থিতিতে ব্যাটিং করতে স্বচ্ছন্দবোধ করি। আত্মবিশ্বাসী ছিলাম ম্যাচটা শেষ করে আসতে পারব। সেটা করেছিও। আমার আর রিয়াদ ভাইয়ের (মাহমুদউল্লাহর সঙ্গে চতুর্থ উইকেট জুটি) পরিকল্পনা ছিল ৪০ ওভার পর্যন্ত ব্যাটিং করা এবং শেষ ১০ ওভারে আক্রমণাত্মক খেলা।’
বিকেএসপিতে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া আরেক দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবদুল মজিদ ও মার্শাল আইয়ুবের ফিফটিতে ৯ উইকেটে ২৮৭ রান করে প্রাইম দোলেশ্বর। আরাফাত সানির অসাধারণ বোলিংয়ে পারটেক্স পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে করতে পেরেছে ২০৯ রান। সানি ৩৩ রানে পেয়েছেন ৫ উইকেট।
বিকেএসপির আরেক মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্রাদার্স ইউনিয়ন করে ৯ উইকেটে ২০৬ রান। এক স্পেলে টানা ৮ ওভার বোলিং করে মাশরাফি বিন মুর্তজা ২৮ রানে পেয়েছেন ২ উইকেট। অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ ২৫ রানে পেয়েছেন ৩ উইকেট। মুশফিকুর রহিমের অপরাজিত ৭৫ রানে সওয়ার হয়ে ৪ উইকেটের জয় পেয়েছে রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর
* আবাহনী-খেলাঘর, ফতুল্লা
খেলাঘর: ৫০ ওভারে ২৯৩/৬ (নাফিস ৭৮, রবিউল ৭৪, অমিত ৪১, নাজিমউদ্দিন ৩৭, মাসুম ৩১*; সাইফউদ্দিন ৩/৪৫, অনীক ২/৬৯)। আবাহনী: ৪৭.৩ ওভারে ২৯৭/৫ (মোসাদ্দেক ১১০, মাহমুদউল্লাহ ৫৯, নাজমুল ৪৫, মিঠুন ৪২*; সাদেকুর ২/৩৬)।
ফল: আবাহনী ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোসাদ্দেক হোসেন।
* দোলেশ্বর-পারটেক্স, বিকেএসপি-৩
দোলেশ্বর: ৫০ ওভারে ২৮৭/৯ (মজিদ ৭৭, মার্শাল ৬৩, ইমতিয়াজ ৩৮; কবির ৩/৪১, শাহানুর ২/৪৭, হাফিজ ২/৫২)। পারটেক্স: ৫০ ওভারে ২০৯/৯ (যশপাল ৭৪, সাজ্জাদুল ৪৩; আরাফাত ৫/৩৩, ফরহাদ রেজা ২/১০)।
ফল: দোলেশ্বর ৭৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আরাফাত সানি।
*রূপগঞ্জ-ব্রাদার্স, বিকেএসপি-৪
ব্রাদার্স: ৫০ ওভারে ২০৬/৯ (মাইশুকুর ৬৫, ধীমান ৩০*, কাজী কামরুল ২৯; শরীফ ৩/২৫, মাশরাফি ২/২৮, আসিফ ২/৩১)। রূপগঞ্জ: ৪৬.১ ওভারে ২০৭/৬ (মুশফিক ৭৫*, হাসানুজ্জামান ৩১; নায়ার ২/২২, নেহাদুজ্জামান ২/৩৪)।
ফল: রূপগঞ্জ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।