শুরুর দুর্ভাগ্যের পরও দিনটা অস্ট্রেলিয়ার

৯৫ রান নিয়ে উইকেটে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মারনাস লাবুশেনছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার জন্য কী বাজেভাবেই না শুরু হয়েছিল দিনটা। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে জানা গেল, করোনাভাইরাসের নিয়মের কারণে অ্যাডিলেড টেস্টে খেলা হচ্ছে না অধিনায়ক প্যাট কামিন্সের। তাঁর জায়গায় দলে ঢুকেছেন এর আগে অস্ট্রেলিয়ার হয়ে মাত্র দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা মিডিয়াম ফাস্ট বোলার মাইকেল নেসার। অ্যাডিলেডে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব তাই সহ–অধিনায়ক স্টিভ স্মিথের কাঁধে।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং বিতর্কে নেতৃত্ব হারানো স্মিথ আবার অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব পেলেন আজ। অধিনায়ক হিসেবে স্মিথের পুনরাভিষেকটা হয়েছে একটা জয়েই। অ্যাডিলেড টেস্টের টস জিতেছেন তিনি। অনুমিতভাবেই টস জিতে ব্যাটিং বেছে নেন স্মিথ। কিন্তু দলের মাত্র ৪ রানে মার্কাস হ্যারিসকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। এ বিপদ অবশ্য আর বাড়তে দেননি ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেন। তাঁদের অসাধারণ ব্যাটিংয়ে অ্যাডিলেড টেস্টের প্রথম দিনটা অস্ট্রেলিয়ার। ২ উইকেটে ২২১ রানে দিন শেষ করেছে স্বাগতিক দল।

প্যাট কামিন্স না থাকায় অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ
ছবি: রয়টার্স

প্রথম দিনটা নিজেদের করে নিলেও এ ম্যাচে এখন পর্যন্ত ইংল্যান্ডকে খুব বেশি পেছনে ফেলতে পারেনি অস্ট্রেলিয়া। স্লো ওভার রেটের এক দিনে অস্ট্রেলিয়ার রান তোলার গতিটাও ছিল খুব ধীর। দিবারাত্রির টেস্টে অনেকটাই শম্বুকগতির ব্যাট করে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেটে মাত্র ২২১ রান তুলতে পেরেছে স্মিথের দল। প্রথম দিনে খেলা হয়েছে ৮৯ ওভার, সেই হিসেবে অস্ট্রেলিয়ার রানরেট ২.৪৮। আধুনিক যুগে দলগুলো যেভাবে টেস্টে রান তোলে, সেই তুলনায় এই রান রেটকে বেশ কমই বলতে হবে।

অস্ট্রেলিয়াকে ২ উইকেটে ২২১ রান এনে দিতে ওয়ার্নার ও লাবুশেন দুজনেই করেছেন ৯৫ রান করে। শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করা ওয়ার্নার ৯৫ রান করে আউট হয়েছেন একটি বাজে শট খেলে। অনসাইডে ৬ জন ফিল্ডার রেখে ওয়ার্নারকে পাঁজর বরাবর বল করে যাচ্ছিলেন বেন স্টোকস। আগের বলেই চার খেয়ে অফ স্টাম্পের অনেক বাইরে একটা বল করেছিলেন বেন স্টোকস। তুলে মারতে গিয়ে স্টুয়ার্ট ব্রডকে ক্যাচ দিয়ে ফিরেছেন ওয়ার্নার। আউট হওয়ার আগে দ্বিতীয় উইকেট জুটিতে মারনাস লাবুশেনকে নিয়ে গড়েছেন ১৭২ রানের জুটি। এরপর উইকেটে আসেন স্মিথ। লাবুশেনকে নিয়ে দিনের বাকি সময়টা আর কোনো উইকেট পড়তে না দিয়ে পার করে দেন অধিনায়ক।

৯৫ রান করে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার
ছবি: রয়টার্স

দিন শেষে অপরাজিত ৭১ বলে ১৮ রান করে ২৫.৩৫ স্ট্রাইক রেটের ইনিংসটিতে দুটি চার মেরেছেন স্মিথ। ৯৫ রানে অপরাজিত থাকা লাবুশেনকে অবশ্য ভাগ্যবানই বলতে হবে। ২৭৫ বলের ইনিংসটিতে দুবার ‘জীবন’ পেয়েছেন তিনি, দুবারই তাঁর ‘জীবনদাতা’ জস বাটলার। লাবুশেন প্রথমবার জীবন পেয়েছেন ২১ রানে। স্টোকসের বলে উইকেটের পেছনে তাঁর ক্যাচ ছেড়েছেন বাটলার। দিনের খেলা শেষ হওয়ার একটু আগে অ্যান্ডারসনের বলে উইকেটের পেছনে বাটলার আবার লাবুশেনের সহজ ক্যাচ ছাড়েন, তখন তিনি ৯৫ রানে।

দিনের খেলা শেষে লাবুশেন বলেছেন, ‘আমি আর স্টিভ মিলে শেষ সময়টা পার করতে পেরেছি, এটা বড় ব্যাপারই। এটা আগামীকালের জন্য আমাদের বড় ইনিংস গড়ার ভিত গড়ে দিয়েছে।’ নিজের ‘জীবন’ পাওয়া নিয়েও কথা বলেছেন লাবুশেন। নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি, ‘আমি জানি না এটা কীভাবে হলো। কিছুটা হলেও অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু আমার কাজ হচ্ছে এর সুবিধাটা পুরোপুরি নেওয়া নিশ্চিত করা।’

দ্বিতীয় উইকেট জুটিতে ওয়ার্নার ও লাবুশেন মিলে তুলেছেন ১৭২ রান
ছবি: রয়টার্স

সতীর্থদের খেলা কামিন্সকে টিম হোটেলে বসে টিভিতে দেখতে হয়েছে। কোভিড–১৯ পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় সাবধানতা হিসেবেই অ্যাশেজে দ্বিতীয় টেস্টে নেই কামিন্স। কামিন্স কাল অ্যাডিলেডে এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের খেলোয়াড় হ্যারি কনওয়ে। তাঁদের টেবিলের পাশেই আরেকটি টেবিলে এক ব্যক্তির কোভিড–১৯ পজিটিভ ধরা পড়ে। ‘চ্যানেল সেভেন’কে অস্ট্রেলিয়ার খ্যাতিমান সংবাদকর্মী পিটার লালোর জানান, কামিন্স সেই ব্যক্তির সঙ্গে কথা বলেছেন এবং হাত মিলিয়েছেন।

দিনের খেলা শেষে মাঠ ছাড়ছেন লাবুশেন ও স্মিথ
ছবি: রয়টার্স

সেই লোক কোভিড পজিটিভ জানার পরই রেস্তোরাঁ ত্যাগ করেন কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) জানান বিষয়টি। এরপর তাঁকে আইসোলেশনে পাঠানো হয় এবং কোভিড–১৯ পরীক্ষায় তিনি নেগেটিভও হন। কিন্তু দক্ষিণ অস্ট্রেলিয়ার কঠোর জৈব সুরক্ষাবলয় নিয়ম অনুযায়ী, কামিন্সকে আগামী সাত দিন হোটেলে কোয়ারেন্টিন করতে হবে। কামিন্সের জায়গায় স্মিথ দলকে নেতৃত্ব দেওয়ায় এ নিয়ে টানা তিন ম্যাচ অস্ট্রেলিয়া নতুন তিন অধিনায়কের নেতৃত্বে খেলছে!