শুরুর ধাক্কার পর জো রুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুটের ব্যাটে রানপ্রবাহ চলছেই। কাল কার্ডিফে সেঞ্চুরির পর l এএফপি
রুটের ব্যাটে রানপ্রবাহ চলছেই। কাল কার্ডিফে সেঞ্চুরির পর l এএফপি

মিচেল স্টার্কের বল ছুঁয়ে গিয়েছিল জো রুটের ব্যাটের কানা। ডান দিকে ঝাঁপিয়েও ক্যাচটা ধরতে পারেননি ব্র্যাড হাডিন। দিনের খেলা তখন মাত্র ১৫ ওভার চলছে। স্কোরবোর্ডে রুটের নামের পাশে তখনো কোনো রান নেই। কার্ডিফের সোফিয়া গার্ডেনে এরপরের গল্পটা যদি রুটের হয়, হাডিনের আফসোসেরও কি নয়! হাফ সেঞ্চুরি হলো ৫৬ বলে, ১১৮ বলে সেঞ্চুরি। রুটের ক্যারিয়ারের সপ্তম আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি ম্যাচে ফেরাল ইংল্যান্ডকেও। অথচ সকালের সেশনে মাত্র ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকেরাই ছিল কোণঠাসা। সেই ইংল্যান্ডই দিন শেষ করল ৭ উইকেটে ৩৪৩ রান নিয়ে। দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে পারেনি অস্ট্রেলিয়া। তবে শেষ সেশনে ৪ উইকেট তুলে নিয়ে দিনটাকে পুরোপুরি ইংল্যান্ডের হতে দেয়নি অস্ট্রেলীয়রা।
রুট মানেই অবশ্য এখন রান। গত বছর জুন থেকে এই সিরিজের আগ পর্যন্ত ১২ টেস্টে ১৩১৮ রান, সেঞ্চুরি ৪টি, সঙ্গে ৭টি হাফ সেঞ্চুরি। কিন্তু প্রায় উল্টো ছবি অস্ট্রেলিয়ার বিপক্ষে। সর্বশেষ ৯ ইনিংসে কোনো সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি মাত্র একটি! হাডিনের ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাফল্যের স্বাদ পাওয়া হয়ে গেল তাঁর। সঙ্গে ইয়র্কশায়ার ক্রিকেট একাডেমির পুরোনো সতীর্থ গ্যারি ব্যালান্স করলেন যোগ্য সংগত। দুজনের ১৫৩ রানের জুটিতে রানও উঠেছে ওভারপ্রতি ৩.৯২ করে। আরও আক্রমণাত্মক ছিল রুট-স্টোকসের ৮৪ রানের পঞ্চম উইকেট জুটি। ওভারপ্রতি ঠিক সাড়ে চার রান করে এসেছে এই জুটিতে। ১৬৬ বলে ১৩৪ রান করে রুট ফিরেছেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। ইংল্যান্ড শেষ ৩ উইকেট হারিয়েছে ৬৩ রানে।
দিনের শুরুটা অবশ্য ভাবা যায়নি ইংল্যান্ড এত দূর যেতে পারবে। সর্বশেষ অ্যাশেজটা যেখানে শেষ করেছিল অস্ট্রেলিয়া, কার্ডিফে শুরুটা যেন হলো সেখান থেকেই। দ্বিতীয় ওভারেই জশ হ্যাজলউডের বলে অ্যাডাম লিথ নেই। ইংল্যান্ডের রান ৭। এর আগে অ্যাশেজে ইংল্যান্ডের সর্বশেষ দুটি ওপেনিং জুটিও ছিল ৬ ও ৭ রানের! ওই দুটিতে অধিনায়ক অ্যালিস্টার কুকের সঙ্গী ছিলেন মাইকেল কারবেরি। কুক কালও বেশিক্ষণ টিকলেন না। ১৪তম ওভারে আউট হলেন ২০ রানে। পরের ওভারেই সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান ইয়ান বেলও গেলেন।
ইংল্যান্ডের প্রতিরোধের শুরুটা এরপরই। সর্বশেষ অ্যাশেজে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে ৩৭ উইকেট নিয়েছিলেন মিচেল জনসন। স্বাভাবিকভাবেই এবারও আলোটা বেশি ছিল তাঁর ওপর। জনসনের সঙ্গে ইংলিশ ব্যাটসম্যানদের লড়াই-ই সিরিজের গতিপথ ঠিক করে দেবে বলে একটা হাওয়াও উঠছিল। কিন্তু সোফিয়া গার্ডেনের স্লো উইকেটে জনসন ২০ ওভারে ৮৭ রান দিয়ে উইকেটশূন্য। তবে সিরিজ তো মাত্র শুরু, স্বরূপে দেখা দেওয়ার জন্য জনসনের হাতে এখনো অঢেল সময়। স্টার স্পোর্টস।

স্কোরকার্ড
টস: ইংল্যান্ড
ইংল্যান্ড ১ম ইনিংস
রান বল ৪ ৬
লিথ ক ওয়ার্নার ব হ্যাজলউড ৬ ১০ ১ ০
কুক ক হাডিন ব লায়ন ২০ ৪০ ৩ ০
ব্যালান্স এলবিডব্লু ব হ্যাজলউড ৬১ ১৪৯ ৮ ০
বেল এলবিডব্লু ব স্টার্ক ১ ৭ ০ ০
রুট ক ওয়াটসন ব স্টার্ক ১৩৪ ১৬৬ ১৭ ০
স্টোকস ব স্টার্ক ৫২ ৭৮ ৬ ২
বাটলার ক জনসন ব হ্যাজলউড ২৭ ৩৪ ৩ ০
মঈন ব্যাটিং ২৬ ৩৮ ২ ১
ব্রড ব্যাটিং ০ ৭ ০ ০
অতিরিক্ত (বা ১৩, লেবা ২, নো ১) ১৬
মোট (৮৮ ওভারে, ৭ উইকেটে) ৩৪৩
উইকেট পতন: ১-৭, ২-৪২, ৩-৪৩, ৪-১৯৬, ৫-২৮০, ৬-২৯৩, ৭-৩৪৩।
বোলিং: স্টার্ক ১৯-৪-৮৪-৩ (নো ১), হ্যাজলউড ২২-৮-৭০-৩, জনসন ২০-২-৮৭-০, লায়ন ১৭-৪-৫৪-১, ওয়াটসন ৮-০-২৪-০, ওয়ার্নার ২-০-৯-০।