দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই ৫ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট ধূমকেতুর মতোই আবির্ভাব মুস্তাফিজুর রহমান। উনিশেই বিশ্বকে চমকে দেওয়া বাঁহাতি পেসার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন প্রথম দুই ওয়ানডেতেই। রেকর্ড এটাও। মু্স্তাফিজের আগে অভিষেকের পর প্রথম দুই ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাত্র তিনজন ক্রিকেটার—ইংল্যান্ডের জন এডরিচ, হল্যান্ডের টম কুপার ও জিম্বাবুয়ের ব্রায়ান ভিটরি। ১৯৭১ সালে ওয়ানডে ইতিহাসের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৮২ রান করে ম্যাচ-সেরা হন এডরিচ। এরপর ১৯৭৪ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেও ম্যাচ-সেরার পুরস্কার জেতেন এই ব্যাটসম্যান। হল্যান্ডের কুপার ২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হন ম্যান অব দ্য ম্যাচ। ২০১১ সালে জিম্বাবুয়ের ভিটরি ক্যারিয়ারের প্রথম দুটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে।