
কালকের দিনটা তাহলে লেগ স্পিনারদের ছিল! গলে ওয়ানডেতে অভিষেকেই হ্যাটট্রিক করেছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা। শ্রীলঙ্কার গল থেকে অনেক দূরে ইংল্যান্ডের লেস্টারে মেয়েদের বিশ্বকাপে কোনো রান না দিয়েই ৪ উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ডেন ফন নিকার্ক। গলে প্রথম লেগ স্পিনার হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন হাসারাঙ্গা। অন্যদিকে ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়েই প্রথম বোলার হিসেবে বিনা রানে ৪ উইকেট পেয়েছেন ফন নিকার্ক।
৪ উইকেট নিয়েছেন ফন নিকার্ক সতীর্থ মিডিয়াম পেসার মারিজান কাপও। ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা তাই ২৫.২ ওভারেই মাত্র ৪৮ রানে অলআউট। ৪৯ রানের লক্ষ্যটা কোনো উইকেট না হারিয়ে ২৬২ বল হাতে রেখেই পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অব্যবহৃত বলের হিসাবে মেয়েদের ওয়ানডেতে তৃতীয় বৃহত্তম জয় এটি।
ফন নিকার্কের আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রানে ৩ উইকেট পেয়েছিলেন তিন বোলার। তাঁদের মধ্যে অস্ট্রেলিয়া অলিভিয়া মাগনো ও ইংল্যান্ডের অ্যারান ব্রিন্ডল ওয়ানডেতে এবং শ্রীলঙ্কার সান্দামালি দোলাওয়াত্তে নিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে। ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে শুধু রিচি বেনোরই আছে শূন্য রানে ৩ উইকেট নেওয়ার কীর্তি। অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক ও নন্দিত ধারাভাষ্যকার ১৯৫৯ সালে ভারতের বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ৩.৪ ওভারে নিয়েছিলেন ৩ উইকেট। ফন নিকার্ক ৩.২ ওভারে নিয়েছেন ৪ উইকেট।
কাল মেয়েদের বিশ্বকাপে ডার্বিতে মাত্র ১৬৯ রানের পুঁজি নিয়েও বড় ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে ভারত। পাকিস্তানের মেয়েরা ৩৮.১ ওভারে অলআউট ৭৪ রানে। ভারতের বাঁহাতি স্পিনার একতা বিশত ১৮ রানে নিয়েছেন ৫ উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।