শৃঙ্খলা কমিটিতে রকিবুল-বিতর্ক
মোটামুটি ঝামেলাহীনভাবেই শেষ হয়েছে বিপিএলের তৃতীয় আসর। তবে এর মধ্যেও দুটি ঘটনা ঠিকই বিতর্কের ঝড় তুলেছে। একটি মাঠেই চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সিলেট সুপারস্টার্সের মালিকের বাদানুবাদ, অন্যটি টসের সময় ম্যাচ রেফারি রকিবুল হাসানের ভূমিকা নিয়ে সন্দেহ ও পরে তা নিয়ে বিতর্কিত মন্তব্য। দুটি ঘটনাই বিসিবির তদন্তাধীন আছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
তামিমের ঘটনাটি বিপিএলের গত ২৩ নভেম্বর চিটাগং ও সিলেট ম্যাচের আগে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে করা তামিমের দাবি অনুযায়ী, সিলেটের দুজন বিদেশি খেলোয়াড়ের অনাপত্তিপত্র নিয়ে সৃষ্ট জটিলতার একপর্যায়ে তাঁকে গালাগালি করেন সিলেটের মালিক। ওই ঘটনাটিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বিপিএল। কাল নাজমুল হাসান জানিয়েছেন বিসিবি সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, ‘শৃঙ্খলা কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন তৈরি করে ফেলেছে। তাদের সুপারিশ দেখে আমরা বোর্ড সভায় সিদ্ধান্ত নেব।’
টস বিতর্ক গত ১২ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ম্যাচ রেফারিদের প্রধান রকিবুল হাসান। ম্যাচের পর দেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে সন্দেহ প্রকাশ করা হয় টসের ফল নিয়ে। টসের সময়ের রিল্পেতে দেখা যায়, কয়েন মাটিতে পড়ে থাকা অবস্থায় দুই দলের অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও মাহমুদউল্লাহ কিংবা ধারাভাষ্যকার অ্যালিস্টার ক্যাম্পবেল—কেউই সেটি দেখার সুযোগ পাননি। তবে ম্যাচ রেফারি কয়েন তুলে জানিয়ে দেন যে, ঢাকা জিতেছে। তাঁর কয়েন তোলার ধরন নিয়েও প্রশ্ন ওঠে।
বিপিএল শেষে এ নিয়ে আরও একটি প্রতিবেদন তৈরি করে চ্যানেলটি। যেখানে ঘটনাটি নিয়ে কথা বলেন রকিবুল হাসান। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্ষুব্ধ রকিবুল নানা বিতর্কিত মন্তব্যও করেন। যেখানে বিসিবি সভাপতি নাজমুল হাসান, সাবেক বিসিবি ও আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল, এমনকি প্রতিবেদকের ধর্ম নিয়েও আপত্তিকর কিছু কথা আছে।
স্বাভাবিকভাবেই কাল মিরপুরে বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটি উঠে এসেছে। নাজমুল হাসান স্বীকার করেছেন, টস করার পর সেটি অধিনায়কদের কাছে ঘোষণা করার সঠিক প্রক্রিয়া কোনটি, তা তাঁরও ঠিক জানা নেই। এটি স্বীকার করেই বললেন, ‘আমরা বিপিএলের অন্য বেশ কিছু ম্যাচও দেখেছি, ৭০-৮০ ভাগ ম্যাচেই এমন হয়েছে। এটা একটা সমস্যা। নিয়মটা কী, আমরা নিজেরাও জানি না। এটা নিয়ে আরও একবার বসতে হবে।’
তবে পরের প্রতিবেদনে রকিবুল প্রতিক্রিয়া জানাতে গিয়ে যে মন্তব্যগুলো করেছেন, সেগুলো বিসিবি সভাপতির ভালোভাবে নেওয়ার কথা নয়। একটু হতাশার সুরেই বলেছেন, ‘উনি অনেকগুলো কথা বলেছেন, যেগুলো আমরা তাঁর কাছ থেকে কোনোভাবেই আশা করতে পারি না।’ এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন নাজমুল, ‘আজকে (গতকাল) আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি এটাকে শৃঙ্খলা কমিটিতে দেওয়ার। দ্রুততার সঙ্গে এর তদন্ত হবে। আমাদের পরবর্তী বোর্ড সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটি তদন্ত করে যে সুপারিশ করবেন, সেটা বিবেচনা করা হবে।’