শৃঙ্খলা ফেরাতে চান এডুলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডায়ানা এডুলজি
ডায়ানা এডুলজি

ইতিহাস রচিত হয়েছে গত পরশু, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রশাসনিক প্যানেলে যখন নাম ঘোষিত হলো ডায়ানা এডুলজির। ভারতের নারী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কসহ চারজনকে নিয়ে গঠিত হয়েছে এ প্যানেল।
সুপ্রিম কোর্টের নির্বাচিত এই প্যানেলে একমাত্র ক্রিকেটার হিসেবে দায়িত্ব পেয়েছেন এডুলজি। এতে নিজেই বিস্মিত তিনি, ভারতীয় বোর্ডে এত উচ্চপদে কোনো নারীর নিয়োগ যে এবারই প্রথম। তবে ওসব নয়, বর্তমান করণীয় নিয়েই বেশি চিন্তিত সাবেক এই ক্রিকেটার, ‘আমাদের প্রথম কাজ হবে ঘরে (বোর্ডে) শৃঙ্খলা ফেরানো। আশা করি, ন্যায়বিচার ফিরিয়ে আনতে পারব আমরা, বিসিসিআইয়ের গৌরবময় দিন ফিরিয়ে আনব।’
সেই কাজে হাতে যথেষ্ট সময় পাচ্ছেন এডুলজিরা। কমিটির কার্যকাল কত দিন হবে, সেই প্রশ্নে তাই নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি ৬১ বছর বয়সী এই সাবেক অধিনায়ক। যতক্ষণ শৃঙ্খলা ফিরছে না বোর্ডে, নির্বাচন হচ্ছে না, তত দিন পর্যন্ত তাঁরা কাজ চালিয়ে যাবেন। তবে কোনো দিকটা তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, সেটি জানিয়ে দিয়েছেন ২০টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলা এডুলজি, ‘আশা করি মেয়েদের ক্রিকেট এগিয়ে নিতে পারব এই সময়ে। খেলাটাও আরও জনপ্রিয় করতে পারব। এতে মেয়েদের জন্য আরও খেলার সুযোগ তৈরি হবে, ওরা আন্তর্জাতিকভাবে পরিচিত হবে।’ এএফপি।