শৃঙ্খলার কারণেই বাদ শেহজাদ-আকমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি দুজনের কেউই। তবে পাকিস্তানের সবচেয়ে প্রতিশ্রুতিশীল দুই ব্যাটসম্যানও তাঁরা। শুধু ব্যাটিংয়ের কারণে তাই বাদ পড়ার কথা নয় আহমেদ শেহজাদ ও উমর আকমলের। শেহজাদ তো সবশেষে টেস্টেও ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। দুজনই বাদ পড়েছেন আসলে আচরণগত কারণে। ওয়াকার ইউনুস ও মিসবাহ-উল-হকের প্রতিবেদনের ভিত্তিতেই বাংলাদেশ সফরের টেস্ট-ওয়ানডে দুই দল থেকেই বাদ দেওয়া হয়েছে দুই তরুণ ব্যাটসম্যানকে।
দল ঘোষণার আগে থেকেই অবশ্য শোনা যাচ্ছিল এই দুজনের আচরণ নিয়ে কোচ ও অধিনায়কের অসন্তুষ্টির কথা। বিশ্বকাপ শেষে কোচ ও অধিনায়কের প্রতিবেদনে ওয়াকার ও মিসবাহ লিখেছেন, ‘বহুবার বহুভাবে বলা এবং বোঝানোর পরও এই দুই ব্যাটসম্যানের দায়িত্ববোধ ও দলের প্রতি নিবেদন বাড়েনি। দুজনের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং ও আচরণে ভুগতে হয়েছে দলকে। অনেকবার সতর্ক করার পরও দুজনের কেউই নিজেদের পাল্টায়নি।’ বছর খানেক দুজনকেই দলের বাইরে রেখে ‘শিক্ষা’ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কোচ ও অধিনায়ক। পাকিস্তানের জিয়ো টিভির দাবি, সেই পরামর্শ মেনেই দুজনকে বাংলাদেশ সফরে বাদ দেওয়া হয়েছে।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে প্রশ্নও উঠেছিল এই দুজনকে নিয়ে। নতুন দায়িত্ব নেওয়া প্রধান নির্বাচক হারুন রশিদ সরাসরি না বললেও বুঝিয়ে দিতে ভুল করেননি, ‘পাকিস্তান দলে খেলতে হলে সুশৃঙ্খল হতেই হবে। সবার আগে রাখতে হবে দেশকে। শুধু মাঠের বাইরের শৃঙ্খলাই নয়, ক্রিকেটীয় শৃঙ্খলাও। ক্রিকেটারদের দায়িত্ব হলো দলের জয়ের জন্য খেলা, ব্যক্তিগত চাওয়া-পাওয়া এখানে পাশে রাখতে হবে। আমরা সব ক্রিকেটারের পাশে আছি, কিন্তু ওদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করি পেশাদারি। সে জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হলেও আমরা পিছপা হব না।’
শেহজাদ-আকমলের পাশাপাশি কোচ-অধিনায়কের কালো তালিকায় মোহাম্মদ হাফিজের নামও ছিল। তবে দলের অভিজ্ঞতার প্রয়োজন আর অতীত রেকর্ড ভালো বলেই হয়তো এ যাত্রা ছাড় পেয়েছেন হাফিজ। শেহজাদকে অবশ্য টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে। তবে সেটা টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদির একান্ত অনুরোধে। আফ্রিদি বরাবরই শেহজাদের ‘মেন্টর’ বলে পরিচিত। আর আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে একটি স্থিতিশীল দল গড়ে তুলতে চান আফ্রিদি। এ জন্যই শুধু টি-টোয়েন্টিতে সুযোগ দিতে বলেছেন শেহজাদকে। আকমল নেই তিন সংস্করণের কোনোটিতেই।
বাংলাদেশ সফরের জন্য আগামীকাল থেকে লাহোরে শুরু হবে পাকিস্তান দলের ক্যাম্প। ঢাকায় তাদের পা রাখার কথা ১৩ এপ্রিল। জিয়ো নিউজ।