শেখ জামালের রুদ্ধশ্বাস জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না, আম্পায়ারের দিকে তাকিয়ে আউটের আবেদন করছেন না মাহমুদউল্লাহ। গাজী গ্রুপের শেষ উইকেটটি নেওয়ার পর শেখ জামাল ধানমন্ডি অধিনায়কের উল্লাসের ছবি এটি। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো
না, আম্পায়ারের দিকে তাকিয়ে আউটের আবেদন করছেন না মাহমুদউল্লাহ। গাজী গ্রুপের শেষ উইকেটটি নেওয়ার পর শেখ জামাল ধানমন্ডি অধিনায়কের উল্লাসের ছবি এটি। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে l প্রথম আলো

৬ বলে দরকার ১০ রান। উইকেটে শেষ জুটি। ফরহাদ হোসেন-মুস্তাফিজুর রহমান কি পারবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ড্রেসিংরুমে শেষ হাসিটা ছড়িয়ে দিতে? নাকি শেষ ওভার করতে এসে বল হাতে নায়ক হয়ে উঠবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক মাহমুদউল্লাহ?
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস উত্তেজনার সমাপ্তি ওভারের পঞ্চম বলে। দুই ব্যাটসম্যান মিলে ততক্ষণে জয়ের দূরত্বটা অর্ধেক কমিয়ে এনেছেন। ৫ রান দরকার শেষ দুই বলে। সেই ওভারে মাহমুদউল্লাহর পঞ্চম বলটা সম্ভবত ইনিংসেরই সবচেয়ে বাজে বল। শর্ট পিচ বল, ব্যাটসম্যান আগের ওভারেই বোলার শফিউল ইসলামের মাথার ওপর দিয়ে চার মেরে ফিফটি পূর্ণ করা ফরহাদ। উইকেটে তিনি তখন এমনই থিতু হয়ে গেছেন যে মাহমুদউল্লাহর শর্ট বলটাকে যথার্থ প্রাপ্তি বুঝিয়ে দিয়ে এক বল বাকি থাকতেই নিশ্চিত করতে পারতেন জয়। কিন্তু এ কী করলেন ফরহাদ! পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে সোহাগ গাজীর সহজ ক্যাচ। শেখ জামাল ৪ রানে জিতে গেল শ্বাসরুদ্ধকর লড়াই।
বৃষ্টিতে আগের দিন শেষ হতে পারেনি ম্যাচ। কাল রিজার্ভ ডেতেও একই কারণে খেলার বাকি অংশ শুরু হয় নির্ধারিত সময়ের সোয়া দুই ঘণ্টা পর, বেলা সোয়া ১১টায়। ২১.৫ ওভারে ১১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে একটা পর্যায়ে জয়ের সম্ভাবনাই জাগিয়েছিল গাজী গ্রুপ। এনামুলের ফিফটির পর ফারুক হোসেনের ২৩ বলে দুই ছক্কায় ২২ রানের ইনিংস। ৩৩ ওভার শেষে ৬ উইকেটে ১৫৬ রান, হাতে ৪ উইকেট নিয়ে শেষ ৫ ওভারে দরকার ছিল ৪০। কিন্তু মাত্র ১৭ রানের মধ্যে ফারুকসহ তিন ব্যাটসম্যানের বিদায় বিষম বিপদে ফেলে দেয় গাজী গ্রুপকে। তিনটির দুটি উইকেটই নিয়েছেন মুক্তার আলী। সকালে অনেকটা সময়ই কাভারে ঢাকা থাকায় উইকেটও কথা বলছিল এই পেসারের হয়ে। আগে-পরে নেওয়া আরও দুই উইকেটসহ ৩৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ মুক্তার।
গাজী গ্রুপ জিতলে পুরস্কারটা উঠতে পারত ফরহাদের হাতে। পরিস্থিতির দাবি মেনে ফিফটি করে ফেলেন ৪৬ বলেই। মুস্তাফিজকে নিয়ে শেষ উইকেট জুটিতে অসাধ্য প্রায় সাধন করে ফেলেছিলেন। কিন্তু সমাপ্তিরেখাটা আর ছুঁতে পারলেন না!
স্কোরার-আম্পায়ারদের সংস্থার বার্ষিক সভার জন্য লিগে আপাতত চার দিনের বিরতি। অষ্টম রাউন্ডের খেলা ২৪ মে থেকে।
সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৩৮ ওভারে ১৬৮/৯ (মামুন ৬৯, মাহমুদউল্লাহ ৩০; শরীফ ৪/৪৩, আনোয়ার ২/২৭)। গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৭.৫ ওভারে ১৯১ (এনামুল ৫৩, ফরহাদ ৫৩; মুক্তার ৪/৩৭, ওয়াহিদ ২/২৪, সানি ২/২৫)। ফল: শেখ জামাল ধানমন্ডি ৪ রানে জয়ী (ডি-এল)। ম্যান অব দ্য ম্যাচ: মুক্তার আলী।