শেখাতে গিয়ে উল্টো ক্যাচ মিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝাঁপিয়ে পড়েও বলটি হাতে নিতে পারলেন না নাসের হুসেইন। ছবি: রয়টার্স
ঝাঁপিয়ে পড়েও বলটি হাতে নিতে পারলেন না নাসের হুসেইন। ছবি: রয়টার্স

ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার ৬০ রানে গুটিয়ে যাওয়া নিয়ে অনেক কথাই হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছে জোরেশোরে। উইকেটের পেছনেই ক্যাচ দিয়েছেন নয়জন ব্যাটসম্যান। স্লিপেই আউট হয়েছেন ছয়জন। তাই হয়তো আজ দর্শকদের স্লিপে ক্যাচ ধরার কৌশল দেখাতে চেয়েছিল স্কাই স্পোর্টসের ধারাভাষ্য দল।
আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ডের মাইকেল আথারটন, নাসের হুসেইন এবং অস্ট্রেলিয়ান রিকি পন্টিং মাঠে দাঁড়িয়ে গেলেন ক্যাচিং পজিশনে। নিজেদের সময়ে স্লিপিং পজিশনে দলের সেরা খেলোয়াড় ছিলেন তিনজনই। প্রথম স্লিপে দাঁড়ালেন আথারটন, দ্বিতীয় স্লিপে পন্টিং, হুসেইন দাঁড়ালেন তৃতীয় স্লিপে। 
বেশ কিছুক্ষণ ক্যাচ ধরলেন তাঁরা। ভালোই চলছিল সবকিছু। কিন্তু বিধি বাম। স্লিপে ক্যাচিংয়ের শিক্ষা দিতে গিয়ে উল্টো সহজ একটা ক্যাচ ফেলে দেন হুসেইন। ফেলেছেন আরেকটি ক্যাচ। সেটি অবশ্য কঠিনই ছিল। নিজের ডানদিক দিয়ে বলকে যেতে দেখে ঝাঁপ দিয়েছিলেন। দৃষ্টিনন্দন ক্যাচের অপেক্ষায় সবাই কিন্তু হাত থেকে বল ফসকে উল্টো হাসির খোরাক জোগান হুসেইন। কেতাদুরস্ত পোশাকে লাফ ঝাঁপ দেওয়াটাও অবশ্য ঝামেলার ব্যাপার। তবে সহজ ক্যাচটা ফেলে হুসেইন নিজেই লজ্জা পেয়ে যান। জিভে কামড়-টামড় দিয়ে লজ্জায় মুখ ঢেকে ফেলেন। পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিলেন পন্টিং।