শেঠির তত্ত্বাবধানে ভারতে বাংলাদেশের টেস্ট
হোক না মাত্র এক টেস্টের সিরিজ। কিন্তু সেই একটা টেস্টও তো ঠিকঠাক আয়োজন করতে হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এই টালমাটাল অবস্থায় বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টটাও আয়োজন করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। টেস্টটা যে মাঠে হবে, সেখানকার ক্রিকেট প্রশাসন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) আপাতত স্থবির। কিন্তু এ কারণে যাতে টেস্ট আয়োজনে কোনো সমস্যা না হয়, সেটা দেখভাল করার জন্য বিসিসিআই দায়িত্ব দিয়েছে সংস্থার গেম ডেভেলপমেন্ট ম্যানেজার রত্নাকর শেঠিকে।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ভারতের একমাত্র টেস্টটি। ভারতের মাটিতে যেটি বাংলাদেশের প্রথম টেস্ট। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে পুরো ভারতের ক্রিকেট প্রশাসনই কিছুটা এলোমেলো হয়ে পড়ায় এই টেস্ট আয়োজন নিয়ে কিছুটা সমস্যায় পড়েছে এইচসিএ। কিছুদিন আগে এইচসিএর নির্বাচন হয়ে গেছে, কিন্তু নির্বাচনের ফল প্রকাশ করা যাচ্ছে না আদালতের রায়ের কারণে। ফলে এখন এইচসিএ আসলে অকার্যকর। কিছুদিন আগে এইচসিএর পক্ষ থেকে বিসিসিআইকে একটা চিঠি দিয়ে এই টেস্ট আয়োজনের জন্য কিছু অর্থ চাওয়া হয়েছিল। কিন্তু বিসিসিআই আবার নিজেদের সীমাবদ্ধতার কারণে সেই অর্থ দিতে পারেনি। এরই মধ্যে সুপ্রিম কোর্ট বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরিকে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড প্রধান হিসেবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ পেয়ে জোহরিই শেঠিকে চিঠি দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট আয়োজনের সবকিছু দেখাশোনা করার ব্যাপারে। শেষ পর্যন্ত যদি প্রয়োজন হয়, হায়দরাবাদ থেকে টেস্টটি সরিয়ে নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে তাঁকে।
একমাত্র টেস্টটি খেলতে মুশফিকরা ভারতে যাবেন ১ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলার কথা বাংলাদেশের। টাইমস অব ইন্ডিয়া।