শেবাগকে ব্যাট দিয়ে 'মারতে' চেয়েছিলেন টেন্ডুলকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে টেন্ডুলকারের সঙ্গে বন্ধনটা এমনই দৃঢ় ছিল শেবাগের। ফাইল ছবি
মাঠে টেন্ডুলকারের সঙ্গে বন্ধনটা এমনই দৃঢ় ছিল শেবাগের। ফাইল ছবি

খেলোয়াড়দের জীবনে কত গল্প। ক্রিকেট ক্যারিয়ারটা এমনই, বারবার বলেও শেষ হওয়ার নেই। বীরেন্দর শেবাগ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন মাস তিনেক হলো। অবসরজীবনে পা রেখে ‘বীরু’কে বলতে হচ্ছে সেই সব ফেলে আসা দিনগুলোর কথা। এই যেমন, মুলতান টেস্টে সেই ট্রিপল সেঞ্চুরির দিনে শচীন টেন্ডুলকারের সেই কথাটা আজও মনে পড়ে শেবাগের মনে। প্রথম ভারতীয় হিসেবেই টেস্টে ট্রিপল সেঞ্চুরির সেই ইনিংসটা গড়া পথে শেবাগকে ব্যাট দিয়ে মারতে চেয়েছিলেন লিটল মাস্টার!
সে ‘মার’টা অবশ্য তাঁর মঙ্গলের জন্যই। মারটা বড় ভাইয়ের শাসন। শেবাগ তখন ৯৫ রানে দাঁড়িয়ে। বোলিংয়ে এলেন শোয়েব আখতার। প্রথম বলেই চার, দ্বিতীয় বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন ভারতীয় ওপেনার। সেঞ্চুরির জন্য সবার বাহাবা পেলেও ড্রেসিংরুমে থাকা টেন্ডুলকারের কাছে ব্যাপারটা ঠিক মন মতো হয়নি।
পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টে তৃতীয় উইকেটে ৩৩৬ রানের জুটি হয়েছিল শেবাগ-টেন্ডুলকারের। শেবাগের রান তখন ২৯৫। টেন্ডুলকার তখন শেবাগকে বললেন, ‘তুই যদি আবারও ছক্কা মারতে যাস, তোকে ব্যাট দিয়ে মারব।’ টেন্ডুলকার চাচ্ছিলেন না বাউন্ডারি মারতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসুন শেবাগ। বরং ধীরলয়ে ট্রিপল সেঞ্চুরিটা হোক, সেটাই চাচ্ছিলেন লিটল মাস্টার। শেবাগ তখন বললেন, ‘যদি সাকলায়েন আসে, তবে কিন্তু ছক্কা মারব।’ বোলিংয়ে সাকলায়েন এলেন এবং ছয় মেরেই ভারতের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করলেন শেবাগ।
টেন্ডুলকার নিজে ভালো করে জানেন ট্রিপল সেঞ্চুরির মাহাত্ম্য কতটা। এত বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রায় সবকিছুই পেয়েছেন। পাননি টেস্টে একটি ট্রিপল সেঞ্চুরি। এই রেকর্ডে নাম ছিল না সুনীল গাভাস্কার কিংবা ভারতের অন্যান্য কিংবদন্তিরও। পারেননি রাহুল দ্রাবিড় কিংবা ভিভিএস লক্ষ্মণও। এ কারণে ট্রিপল সেঞ্চুরির নিশ্বাস দূরত্বে থাকা শেবাগকে ছটফট করতে দেখে রাগ হয়েছিল। শাসন করেছিলেন।
কেবল টেন্ডুলকার নয়, সৌরভ গাঙ্গুলির সেই প্রেরণার কথাও ভুলতে পারেন না ‘নজফগড়ের নবাব’। ১৯৯৯-এর এপ্রিলে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে শোয়েবের বল চোখেই দেখতে পারছিলেন না। সাতে ব্যাট করতে নেমে শোয়েবের বলে এলবিডব্লু হওয়ার আগে শেবাগ ২ বলে করেছিলেন মাত্র ১। সেদিন কতটা ভুগেছিলেন স্পষ্ট ভেসে ওঠে শেবাগের চোখে, ‘আমি বল চোখে দেখছিলাম না। খুব দ্রুত আসছিল। শহীদ নাজিরের বলটা কোনায় লেগে গিয়েছিল বলে একটা সিঙ্গেল নিতে পেরেছিলাম। শোয়েব তো বল করছিল আরও জোরে।’ 

এত তিতকুটে অভিষেক। এর ওপর টেনশন, পরের ম্যাচেই না দল থেকে বাদ পড়ে যান। ক্যারিয়ারটাও না ঘুরে যায় অন্য দিকে। দলে আসা দিল্লির তরুণ খেলোয়াড়কে সেদিন বিরাট সাহস জুগিয়েছিলেন অধিনায়ক সৌরভ। ‘দাদা’র সে কথা পরে বিরাট কাজে দিয়েছিল শেবাগের, ‘টিম বাসে বসে আছি। সৌরভ এসে বলল, ‘‘দল থেকে যদি বাদও পড়িস, এমন রান করবি, যাতে আবার তোকে দলে নিতে বাধ্য হয়।”
দল থেকে বাদ পড়লেন শেবাগ। তবে ২০০০/০১ মৌসুমে দুর্দান্ত খেললেন ঘরোয়া ক্রিকেটে। দিল্লির হয়ে ৫৮ গড়ে করলেন ৭৫৭ রান। সুযোগ পেলেন ২০০১-এর নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় টেস্ট দলে। ফিরেই কিস্তিমাত। অভিষেক টেস্টেই করলেন সেঞ্চুরি। সূত্র: ইন্ডিয়া টুডে।