শেবাগের চেয়ে বেশি প্রতিভা অথচ মাথায় কিছু নেই

বীরেন্দর শেবাগ আর ইমরান নাজিরের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল প্রায় একই সময়ে। শেবাগের পথ চলাটা যেখানে দীর্ঘ হয়েছে, নাজির ঝরে পড়েছেন মাঝপথেই। শোয়েব আখতার মনে করেন, নাজিরের ক্যারিয়ারটা যে বিকশিত হয়নি, সেটির জন্য পাকিস্তানের ক্রিকেট বোর্ডই দায়ী।
কদিন পর পর বিস্ফোরক সব মন্তব্য কিংবা ক্ষুরধার ক্রিকেট বিশ্লেষণী দিয়ে আলোচনায় আসেন শোয়েব। এবার তাঁর বিশ্লেষণ ইমরান নাজিরকে নিয়ে। ভীষণ সম্ভাবনা জাগিয়েও নাজিরের পথ চলা থেমে গেছে ৮ টেস্ট, ৭৯ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর ৪টি সেঞ্চুরিই সম্বল।
কেন নাজিরের ক্যারিয়ার পূর্ণ বিকশিত হয়নি, সেটির ব্যাখ্যায় শোয়েব বলেছেন, 'আমার মনে হয় না শেবাগের যে মস্তিষ্ক, নাজিরের সেটা ছিল। আবার নাজিরের যে প্রতিভা মনে হয় না সেটা শেবাগের ছিল। নাজিরের প্রতিভা নিয়ে তুলনা করা যাবে না। আমরাই তাকে একটা গন্ডিতে আটকে রাখার চেষ্টা করেছি।'
শোয়েবের দাবি নাজিরকে সেভাবে পরিচর্যা করা হয়নি। তিনি এর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকেই দায়ী করছেন, 'ভারতের বিপক্ষে একবার দুর্দান্ত খেলার পর বললাম ইমরান নাজিরকে নিয়মিত খেলানো হোক। কিন্তু তারা কথা শুনল না। আমাদের দুর্ভাগ্য, আমরা জানি না নিজেদের প্রতিভাকে কীভাবে যত্ন করতে হয়। ইমরান নাজিরের মাধ্যমে বীরেন্দর শেবাগের চেয়ে ভালো খেলোয়াড় পেতে পারতাম আমরা। তার হাতে সব শট ছিল। দুর্দান্ত ফিল্ডার ছিল। তাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারতাম, যেটা আমরা পারিনি।'
১০৪ টেস্ট, ২৫১ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলা শেবাগ অবশ্য এই তুলনা শুনে কী বলেন, সেটিই দেখার।